বিকেলের নাশতা হোক বা আড্ডার আসরে ফুচকা আমাদের সবারই ভীষণ পছন্দের একটি খাবার। বাইরের স্ট্রিট ফুডের মতো মজার স্বাদ যদি ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায়, তাহলে তো কথাই নেই! আজকের পোস্টে শেয়ার করছি খুব সহজ ও ঘরোয়া পদ্ধতিতে তৈরি মজার ফুচকার রেসিপি, যেখানে রয়েছে সিদ্ধ মটর, ডিম, চটপটি মসলা, শসা, ধনিয়া পাতা আর তেঁতুলের টক-ঝাল গোলা।
প্রয়োজনীয় উপকরণ
ফুচকার খোল: পরিমাণমতো (বাজার থেকে কেনা)
মটর সিদ্ধ: ১ কাপ (ভালোভাবে নরম করে সিদ্ধ করা)
সিদ্ধ আলু: ২টি মিডিয়াম সাইজের (ছোট কিউব করে কেটে নেয়া)
ডিম: ১–২টি (সিদ্ধ ও গ্রেট করা বা কুচানো—সাজানোর জন্য)
শসা: আধা কাপ (মিহি কুচি করা)
কাঁচামরিচ: ২–৩টি (স্বাদমতো মিহি কুচি করা)
ধনিয়া পাতা: ২–৩ টেবিল চামচ (কুচি করা)
লাল মরিচ: ১ চা চামচ (শুকনা লাল মরিচ টালা বা চিলি ফ্লেক্স ঝালের জন্য)
চটপটি মসলা: ১ থেকে ১.৫ চা চামচ (স্বাদ অনুযায়ী)
তেঁতুল গোলা: পরিমাণমতো তেঁতুলের ক্বাথ পানিতে গুলে নেওয়া (স্বাদমতো বিট লবণ, সামান্য চিনি, টালা জিরা গুঁড়া ও কাঁচামরিচ/শুকনা মরিচ মিশিয়ে টক-ঝাল গোলা তৈরি করে নিন)
প্রস্তুত প্রণালী
ধাপ ১: মটরের পুর তৈরি
একটি বাটিতে সিদ্ধ মটর নিয়ে তাতে আলু সিদ্ধ, চটপটি মসলা, লাল মরিচ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং শসা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। স্বাদ চেখে দেখে প্রয়োজনমতো লবণ বা মসলা সামঞ্জস্য করে নিন।
ধাপ ২: তেঁতুল গোলা রেডি করা
তেঁতুল ভিজিয়ে ক্বাথ বের করে পরিমাণমতো পানির সাথে মিশিয়ে নিন। এর সাথে স্বাদমতো বিট লবণ, সামান্য লাল মরিচ বা কাঁচামরিচ, ধনিয়া পাতা ,চিনি ও এক চিমটি চটপটি মসলা মিশিয়ে একটি পারফেক্ট টক-ঝাল তেঁতুল গোলা তৈরি করুন।
ধাপ ৩: ফুচকা সাজানো ও পরিবেশন
প্রতিটি মচমচে ফুচকার মাঝখানে হালকা চাপ দিয়ে গর্ত করে নিন। এবার ভেতরে তৈরি করা মটরের পুর ভরে দিন। ওপরে সিদ্ধ ডিম, আরেকটু শসা কুচি ও ধনিয়া পাতা ছড়িয়ে পরিবেশন করুন। পাশে রাখুন ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার তেঁতুল গোলা।
ঘরে তৈরি খাবারের সবচেয়ে বড় সুবিধা হলো উপকরণের মান ও পরিচ্ছন্নতা নিজের হাতে থাকে। বিকেলের চায়ের আড্ডা কিংবা প্রিয়জনের সাথে সুন্দর কোনো মুহূর্তে এমন এক প্লেট ফুচকা মুহূর্তেই সবার মন ভালো করে দিতে পারে।
ধন্যবাদ আমার লেখাটি পড়ার জন্য. এখানে ব্যবহার করা প্রথম ছবিটি spices odyssey থেকে সংগ্রহ করা এবং বাকি সব ছবি আমার মোবাইল ফোন দিয়ে তোলা আমার নিজস্ব ছবি.