জামিল সাহেবের সহধর্মিণী, তিনি তার একমাত্র মেয়ের জন্য খুঁজে খুঁজে একদম ভালো একজন জীবনসঙ্গী নির্বাচন করেছেন। ছেলে খুব ভালো এবং ধার্মিক, আচার-আচরণ ও বেশ ভালো। তার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ বিষয় হলো ছেলে ওনাকে নিজের মায়ের মতো সম্মান করে, বেশ ভালো বিষয়। তিনি প্রথমেই বলে দিয়েছিলেন, "আমাকে শাশুড়ি মা নয়, নিজের মা বলে ডাকতে হবে, যেকোনো সমস্যা কিংবা বিষয়ে নিজের মায়ের মতো আমার সাথে পরামর্শ করতে পারো।"
বেশ ভালো, মেয়ের জামাইও খুব ভালো আনুগত্য প্রকাশ করলো, দু-দিকেই বেশ সুন্দর করে সামলিয়ে নিতে পারল।
কিন্তু সমস্যা হলো বছর খানেক পরই, মিসেস জামিল এবার তার বড় ছেলেকে বিয়ে দিয়েছেন, এতেই যত বিপত্তি। ছেলে তার শশুর-বাড়ির দিকে বেশ টান, যা ওনার মোটেও পছন্দ হয়নি। এতবছর লালন-পালন করে বড় করেছে আর আজ দুদিন হয়নি বিয়ে হয়েছে তাতেই শশুর-শাশুড়ি আমাদের সমকক্ষ হয়ে গিয়েছে, দুদিন পর আমাদের চেয়েও না আপন হয়ে যায় সেই ভয় পিছু ছাড়ছে না ওনার।
সবকিছু ঠিকই ছিল শুধুমাত্র আক্ষেপ এই একটা ক্ষেত্রেই যে, "মেয়ের জামাই অন্য ঘরের সন্তান হয়েও দিব্যি আমার সব কথা শুনে কিন্তু নিজের ছেলেটা এখনই হাতছাড়া হয়ে যাচ্ছে।"