এমন সময় একদিন ‘শাহজাহান’ নামে আমার এক দূর সম্পর্কের চাচার সাথে ‘ও’ এলো। চাচার নামটা আমি দ্রুত উচ্ছারন করতে যেয়ে ‘সাজাহান’ বানিয়ে ফেলতাম। আমার কাছে তিনি এখনো ‘সাজাহান’-ই রয়ে গেছেন। যাই হোক, ‘ও’ ছিল অনাথ। বাবা-মা নেই। আমার চেয়ে বয়সে অনেক ছোট। আব্বু ওর জন্য ছাদে খুব সুন্দর একটা ঘর ঠিক করে রেখেছিলেন। সারাদিন ওখানেই থাকতো। শুধু খাবার সময় হলে নিচে নেমে আসতো। বাসার সবাই ‘ও’কে খুব পছন্দ করতো। আর ও আসার পর থেকেই শুরু হলো আমার পরিবর্তন।
বিকেল হলেই ছাদে যেয়ে ‘ও’র সাথে সময় কাটাতাম। খেলাধুলা করতাম। যেদিন স্কুল বন্ধ থাকতো সেদিন সারাটা দিনই ‘ও’র সাথে থাকতাম। বুড়িগঙ্গার পারে নতুন রাস্তাটায় দুজন একসাথে দৌড়তাম। আমার সাথেই ‘ও’র ঘনিষ্টতা ছিলো সবচেয়ে বেশি। বাসার অন্য কার সাথে ‘ও’ তেমন একটা মিশতো না। কাছেও যেত না। একবার ‘ও’র কি যেনো একটা রোগ হলো। সারাদিন শরীর চুলকাত। আমি ভাবলাম বুঝি ‘এলার্জি’।
কিন্তু না। সম্ভবত,অন্য কোন রোগ। নিজেই নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার কি যেন একটা ওষুধ দিয়ে বললো পানিতে মিশিয়ে গোসল করালে সেরে যাবে। আমি তা-ই করলাম। কয়েকদিনের মধ্যে রোগ সেরে গেলো।