আসসালামু আলাইকুম,
অনেকদিন পর চলে এসেছি,আমি আমার পছন্দের দুই রকমের ভর্তা রেসিপি নিয়ে।
আমরা প্রতিটা মানুষই মোটামুটি ভর্তা খেতে খুবই পছন্দ করি। আর কোরবানির ঈদ আসলে আমরা মাংস খেতে খেতে, আর মাংস খেতে ইচ্ছে করে না, তখন মন চাই যদি একটু অন্যরকমের কোন রেসিপি হয়,যেমন টমেটো ভর্তা, ঢেঁড়স ভর্তা,তাহলে খানা রুচিতা আরো বেড়ে যায়।
আমি ভর্তা খেতে খুবই পছন্দ করি, প্রায় সময় আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে ভর্তা তৈরি করে থাকি। ঢেঁড়স আর টমেটো ভর্তা তৈরি করা খুবই সহজ, খেতেও অনেক অনেক সুস্বাদু।
তাহলে কথা না বাড়িয়ে,কিভাবে খুব সহজে এবং সুস্বাদু ভাবে আমি ঢেঁড়স এবং টমেটোর ভর্তা তৈরি করেছি, তা আপনাদের ধাপে ধাপে দেখাবো,তাহলে চলুন।
উপকরণ :
ঢেঁড়স 250 গ্রাম,
পেয়াজ একটি,
শুকনো মরিচ 5-6 টি,
সরিষার তেল 1/2 চামচ,
স্বাদ মত লবণ,
(টমেটোর ভর্তা উপকরণ )
টমেটো 2-টি,
পেয়াজ 1-টি,
শুকনো মরিচ 4-5টি,
সরিষার তেল 1/2 চামচ,
লবণ স্বাদ মত,
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে আমি ঢেঁড়স এবং টমেটো গুলো আস্ত, ভালো করে ধুয়ে নেব পানি দিয়ে।
তারপর ঢেঁড়স গুলো মাঝারি আকারের টুকরো করে, একটা প্লেটে নিব। চুলায় একটা প্যানে সরিষার তেল দিব, তেল গরম হলে দুই রকমের ভর্তা জন্য,শুকনো মরিচ গুলো আগে ভেজে নিব।
তারপর প্যানে মাঝারি আকারে টুকরো করে রাখা, ঢেঁড়সের টুকরো গুলো দিয়ে, অল্প লবণ দিয়ে নেড়েচেড়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেঁড়সে টুকরো চুলার মাঝারি আঁচে 5 মিনিট ভাজি করব।
তবে আপনারা চাইলে ঢেঁড়স সিদ্ধ করে ভর্তা তৈরি করতে পারেন। আমি ঢেঁড়সের টুকরো গুলো সরিষার তেলে ভেজে ভর্তা তৈরি করেছি, কারণ সরিষার তেলে ঢেঁড়স ভেজে ভর্তা তৈরি করলে খেতে অসাধারণ লাগে।
5 মিনিট পর ঢেঁড়স গুলো সিদ্ধ হয়ে গেলে, চুলা থেকে নামিয়ে নিব।
তারপর টমেটো গুলো প্যানে দিয়ে, একটা ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব। তবে ভাজি করার সময় খেয়াল রাখতে হবে, যেন ঢেঁড়স এবং টমেটো পুড়ে না যায়।
তাই কিছুক্ষণ পরপর চামচের সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে ।
টমেটো ভাজা হয়ে গেলে, প্যান থেকে চামচের সাহায্যে তুলে নিব।
টমেটো এবং ঢেঁড়স ভাজা হয়ে গেলে,একটা প্লেটে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ,লবণ,সরিষার তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিন।
পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ এবং সরিষার তেল মাখানো হয়ে গেলে, অর্ধেক মাখানো পেঁয়াজ কুচি,শুকনো মরিচ আলাদা করে রেখে দিব। আর অর্ধেকটাই আমি ভেজে রাখা ঢেঁড়সের টুকরোগুলো দিয়ে, হাতের সাহায্যে ভালো করে মেখে নিব।
তারপর অর্ধেক তুলে রাখা পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ সরিষার তেলের সাথে টমেটোর টুকরো গুলো উপরে খোসা ছিলে, সাথে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব।
যারা ঝাল খেতে পছন্দ করেন, তারা প্রয়োজনে আরো শুকনো মরিচ দিয়ে ভর্তা তৈরি করতে পারেন,আমি অল্প শুকনো মরিচ দিয়েছি, কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না তাই।
আর ভর্তা তৈরি হয়ে গেলে,
গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে, তবে টমেটোর ভর্তা আমি মাংসের তরকারির সাথে খেতে খুব পছন্দ করি।
এছাড়া সরিষার তেল যেকোনো ভর্তায় দিয়ে, ভর্তা তৈরি করলে খেতে অসাধারণ স্বাদ লাগে।
আমার তৈরি করা ঢেঁড়স এবং টমেটোর ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ঘরে তৈরি করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে ।
ধন্যবাদ,