কেউ কেনো সত্যটা বলে না?

Words
577
Reading
3 min
Listen
Play
4y

একটা ঘটনা ঘটেছে একভাবে,কিন্তু কেউ সেটা ব্যাখা করলো ভিন্নভাবে সেটা মিথ্যা কথা,আবার কেউ কোন কিছু নিজে থেকে বানিয়ে বললো সেটাও মিথ্যা কথা, এধরনের হাজারটা উদাহরণ দেওয়া যাবে মিথ্যা কথার।এগুলো স্পষ্ট মিথ্যা কথা।তবে কেউ যদি এমন কিছু বলে যা তার মনে একরকম ছিলো কিন্তু বলেছে আরেকরকম তাহলে কি সেটা মিথ্যা কথা হবে?এটা কোন ঘটনা না,এটা কোন দেখা দৃশ্য না, তবে এমন কিছু যা তার মনে একরকম ধারণা ছিলো কিন্তু বাহিরে বলছে অন্য,তাহলে সেটা মিথ্যা হবে কিনা!

ছোটবেলায় সবাই একটা বাংলা রচনা মুখস্থ করে "আমার জীবনের লক্ষ্য",একি জিনিস ইংরেজিতেও মুখস্থ করা লাগে "Aim in life" যার নাম।যদিও এসব কম্পোজিশন বা রচনা,প্যারাগ্রাফ মুখস্থ করার বিষয় না,এগুলো পাঠ্যসূচিতে দেওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে ভাষায় পারদর্শী করে তুলার জন্য সে বাংলায় হোক বা ইংরেজি।কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো টানা মুখস্থ করি কোন গাইড বই দেখে।এইসব গাইড বইগুলোতে যে "Aim in life" কম্পোজিশন থাকে, সেসবের বেশিরভাগ গুলোতেই জীবনের লক্ষ্য হিসাবে লিখা থাকে ডাক্তার হওয়া।"My aim in life is to be a doctor"।কারণ হিসাবে দেওয়া থাকে "মানুষের সেবার জন্য"। মানুষকে সেবা করা,সৃষ্টিকর্তাকে সেবা করার সমান তাই ডাক্তার হয়ে মানুষের সেবা করার মাধ্যমে সৃষ্টিকর্তাকে খুশি করতে চায় সবাই।বেশিরভাগ ছেলেমেয়েরাই এটাই টানা মুখস্থ করে।

বেশিরভাগ গাইডে ডাক্তার হওয়াকেই "জীবনের লক্ষ্য" রচনার মধ্যে লক্ষ্য হিসাবে দেয় কেনো?যদিও ডাক্তার হওয়া ছাড়া আরও অনেক বড় বড় চাকরি,প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম রয়েছে ?কারণ এটার মধ্যে মানবতার সেবা,মানুষের আশীর্বাদ এসব কথা বলা যায়,এভাবে রচনা বড় হবে,শুনতেও ভালো লাগবে।অন্য সব পেশাতেই মানবতার সেবা আছে,কিন্তু এইরকম প্রত্যক্ষ সেবা নেই।মানে সেবা বলতে মানুষ যা বুঝে, কাছে থেকে সেবা শুশ্রূষা করা।যাইহোক এখন সবাই এটা মুখস্থ করে আর পরীক্ষার খাতায় এটাই লিখে দিয়ে আসে।
এমন অনেকেই আছে যাদের লক্ষ্য ভিন্ন,তারাও পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য এই রচনাই লিখে দিয়ে আসে যেটাতে লিখা ডাক্তার হওয়াই একমাত্র জীবনের লক্ষ্য।এটা কি মিথ্যা কথা নয়?এটাওতো এক ধরনের মিথ্যা কথা নিজের মনের ইচ্ছে ছিলো একটা কিন্তু আমি বললাম আরেকটা,যদিও সেটা পরীক্ষার খাতার লিখা,তারপরও বলা আর লিখাতো একি বেপার।

আবার ডাক্তারি পড়ার যখন সুযোগ পেলো, তখন যাকেই জিজ্ঞেস করা হবে,কেনো ডাক্তারি পড়তে এসেছেন?
সেই বলবে মানবতার সেবা করার জন্য ডাক্তারি পড়তে এসেছি।এমন কোন ডাক্তার নেই, যে বলবে যে সে মানবতার সেবার পাশাপাশি অন্য কোন কারণে ডাক্তারি পড়তে এসেছে।ডাক্তার হতে এসেছে মানে মানবতার সেবা করার জন্যই এসেছে,সবাই মাদার তেরেসা হতে এসেছে।কিন্তু তাদের বেশিরভাগের মনের নিয়ততো ছিলো অন্য।ডাক্তারি পড়া পড়লে নিশ্চিত জীবন,আর্থিক নিশ্চয়তা,সম্মান এসবই মনের ইচ্ছে ছিলো।

কোন একজন লোক ডাক্তার দেখাতে গেলো।তার সিরিয়াল নম্বর ৫০।তার পর আরও দশ জন রোগী আছেন।মানে মোট ষাটজন রোগী।তার সিরিয়াল আসলো,ডাক্তার দেখানোর পর ডাক্তারের এসিস্ট্যান্টের হাতে এক হাজার টাকার একটি নোট ভিজিট ফি দিয়ে বের হয়ে আসলো।
প্রথম রোগীকে ডাকার সময় থেকে চার ঘন্টার মধ্যেই সব রোগী দেখা শেষ।
বাসায় এসে ছেলেকে বললো,বাবা ভালো করে পড়, তোকে বড় ডাক্তার হতে হবে,মানুষের সেবা করার জন্য তোকে ডাক্তার হতেই হবে!অথচ তার মনে তখন ভাসছিলো,তার পরামর্শদাতা ডাক্তারের চার ঘন্টায় ষাট হাজার টাকা উপার্জনের দৃশ্য।
এটা কি মিথ্যা নয়?মনের মধ্যে এক উদ্দেশ্য আর মুখে আরেক।

ছেলেও তখন ভাবতে থাকলো ডাক্তার হতে হবে,কিন্তু কেনো হতে হবে,তার আসল কারণ খুঁজে দেখলো,অনেক টাকা উপার্জন করা যাবে।তারপর সেও খুব মন দিয়ে পড়া শুরু করলো।যখন সে ভর্তি পরীক্ষার মাধ্যমে ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে গেলো তখন যখন তাকে জিজ্ঞেস করা হবে,তুমি ডাক্তারি কেনো পড়তে এসেছো,তখন সেও বলবে,মানুষের সেবা করার জন্য।এটা কি মিথ্যা নয়?তার মনে স্বপ্ন ছিলো এক,যে স্বপ্ন বাস্তবায়নে সে এতো পরিশ্রম করেছে,কিন্তু মানুষ যখন জিজ্ঞেস করে তখন বলে আরেক।কেউই সত্যটা বলে না।

হ্যাঁ ঠিক আছে,কেউ কেউ শুধুমাত্র মানবতার সেবা করার উদ্দেশ্যেও ডাক্তার হতে পারে তাই বলেতো আর সবাই না,অন্য উদ্দেশ্যের লোকও আছে।আবার অনেকের মানবতার সেবা,আশীর্বাদ পাওয়ার পাশাপাশি অর্থ উপার্জন এমন উদ্দেশ্যও থাকে,সম্মান পাওয়া এটাও উদ্দেশ্যও থাকে কিন্তু এসব কেউ বলে না।
মনের ভিতর এক আর উপরে অন্য কিছু বললে সেটাও মিথ্যা।

cartoon-male-doctor-holding-clipboard_29190-4660.jpg