বই পড়তে কার না ভালো লাগে? কিন্তু এমন অনেকেই আছেন, যাঁরা নানা ব্যস্ততার কারণে দোকানে কিংবা মেলায় গিয়ে বই কিনতে পারেন না। বইপ্রেমিকদের এই সমস্যার সমাধান এখন অনলাইনে। ক্লিক করেই বই বাছাই করা যায়, কেনা যায়। অনলাইনে ফরমাশ দিলে বই পৌঁছে যায় নির্দিষ্ট ঠিকানায়। বইমেলার সময় দেশে অনলাইনেও অনেকেই বই কেনেন। অনলাইনে বই কেনাকাটা করা যায়—এমন কয়েকটি সাইট সম্পর্কে
জেনে নিন:
রকমারি: পাঠকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে রকমারি। মেলায় প্রকাশিত বই সবার আগে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ওয়েবসাইটটি যাত্রা শুরু করে ২০১২ সালের ১৯ জানুয়ারি। বইয়ের কভারের সঙ্গে সঙ্গে বিষয়বস্তু দেখার সুযোগ করে দেয় সাইটটি। বিষয়-বৈচিত্র্যের সমাহারে অনন্য সাইটটিতে রয়েছে প্রদর্শিত বইগুলোর পরিচিতিও। বিষয়, লেখক ও প্রকাশক—এই তিনটি নিয়মিত ট্যাবের পাশাপাশি এখানে রয়েছে গ্রন্থমেলা ২০১৮-তে প্রকাশিত বই। বইয়ের পাশাপাশি রিভিউ ও বাড়তি ছাড়ের জন্য স্বাতন্ত্র্য ট্যাব। এখান থেকে খুব সহজেই অনলাইনে বা ফোনে বই কেনা যায়। ৩০ টাকার পরিবহন খরচের বিনিময়ে ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দের বই। পড়ুয়া: বেশ সাদামাটা একটি বইয়ের অনলাইন শপ পড়ুয়া। ফোনে অথবা ওয়েব থেকে দেখে বই ফরমাশ করতে পারেন বইপ্রেমীরা। বইমেলা: বইমেলা একটি চমৎকার অনলাইন বইয়ের দোকান। তিন বছর ধরে গ্রাহকদের সেবা দিয়ে আসছে এটি।