'কালো' কোন রঙ নয় 'কালো' একটা মেয়ের দোষ!

Words
411
Reading
2 min
8y

আজকে এক বন্ধু মেয়ে দেখতে গিয়েছিল। বিষয়টা আমি জানি তাই সন্ধ্যার পরে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম মেয়ে পছন্দ হয়েছে কিনা। ও বলল মেয়ে পছন্দ হয়নাই। কারণ মেয়ে যথেষ্ট কালো। আমি জিজ্ঞেস করলাম মেয়েটাকে অপছন্দের আর কোন কারণ ছিল কিনা। ও বলল, 'না, অন্যান্য সবকিছুই ভাল। মেয়েটার একটাই দোষ সে কালো।

একটু ব্যাকে চলে যাচ্ছি। মেয়েটাকে ছেলে পক্ষ দেখতে আসবে। মেয়ের পরিবারের সবার টেনশনের কমতি নেই। মধ্যবিত্ত পরিবার। মেয়েটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছে। পরিবারের টেনশন করার কথা ছিল না। কিন্তু মেয়েটা যে কালো, তাই টেনশনের সীমা নেই বাবা-মা, বড় ভাইয়ের। বাবা গত শুক্রবারে মসজিদে মিলাদ দিয়েছে। লোকলজ্জার ভয়ে হুজুরকে কানে কানে বলেছিল মিলাদের উদ্দেশ্য কি। অন্তত এবার যাতে ছেলে পক্ষ মেয়েটাকে পছন্দ করে। পাড়ার সবচেয়ে তেজী ছেলেটি মেয়েটির বড়ভাই। কিন্তু ছেলে দেখতে এলে সেও ছেলে পক্ষের সামনে নতজানু হয়ে মিউ মিউ করে। সে জানে একে তো তার বোনটা কালো তারপরও যদি বাড়তি কোন ভুল হয়ে যায়! মেয়েটার মা পীরের দরগায় মানত করে। এবার মেয়েটাকে পছন্দ হলে একটা খাসী জবাই দিয়ে আসবে।

নির্দিষ্ট দিনে ছেলে পক্ষ মেয়েটাকে দেখতে আসে। মেয়েটা দেখে সহজেই বোঝা যায় কেউ হয়তো অনিচ্ছায় তার গালে পাউডার মেখে তাকে একটু ফর্সা করার চেষ্টা করেছে। মেয়েটাকে এক পলক দেখেই নাক কুচকায় দেখতে আসা ছেলেটি। তারপর ছেলেটা তার সঙ্গে আসা অভিভাবককে ঈশারা করে, মেয়ে তার পছন্দ হয়নাই। অভিভাবক খেয়ে দেয়ে চলে যায়। যাবার সময় বলে যায়, পছন্দ হইছে কিনা সেটা পরে ফোন করে জানানো হবে। কিন্তু আর কোনদিন কোন ফোন আসেনা ছেলে পক্ষের কাছ থেকে। মেয়েটার পরিবার বুঝতে পারে ওরা তাদের কালো মেয়েটিকে পছন্দ করেনাই। পুরো পরিবারটাই মানসিকভাবে ভেঙ্গে পরে। পরিবারের কথা বাদই দিলাম। এরকম দশ বিশজন ছেলে দেখার পরও যখন মেয়েটাকে কেউ পছন্দ করেনা তখন মেয়েটার মানসিক অবস্থাটা কি হয় তা কি কখনো ভাবতে পারবেন? পারবেন না।

ছোট্ট একটা ঘটনা বলি। গত টি টোয়েন্টি বিশ্বকাপে আমি যে দলের সাপোর্ট করেছি সেই দলই হেরে গেছে। তাই ফাইনালে আমি ভারতের সাপোর্ট করলাম। কেননা আমার মনে হলো আমি ভারতকে সাপোর্ট করলে ভারত হেরে যাবে। হলোও তাই। ভারত হেরে গেল। আমি এই বিষয়টা মজা করে একটা স্ট্যাটাস দিলাম। সেই স্ট্যাটাস দেখে একটা মেয়ে আমাকে ইনবক্স করল। বলল, 'ভাইয়া প্লিজ দোয়া করেন যাতে আমার এই জীবনে কোনদিন বিয়ে না হয়।' আমি খুব অবাক হয়ে জানতে চাইলাম, কেনো? মেয়েটা বলল, 'আপনি যা চান তার উল্টোটা ঘটে। তাই আপনি যদি না চান যে এই কালো মেয়েটার বিয়ে হোক, তাহলে আসলেই আমার বিয়েটা হবে।' আমি মেয়েটাকে আর কিছু বলিনি। স্তব্ধ হয়ে গেছি। চোখের কোনে পানি জমেছে। সত্যি আমি কেঁদেছি। সেলুকাস! আমরা এখনো সাদা-কালো দেখে মেয়ে পছন্দ করি। সেলুকাস! 'কালো' কোন রঙ নয় 'কালো' একটা মেয়ের দোষ!