ইফতারের টেবিলে মুরগির সুস্বাদু রেসিপি ৩

akazad(49)
Published in
#food
Words
365
Reading
2 min
Listen
Play
8y

চিকেন মাঞ্চুরিয়ান

উপাকরণ

  • মুরগির বুকের মাংস – ৩০০ গ্রাম
  • সয়া সস – এক টেবিল চামচ
  • গোল মরিচের গুঁড়ো – আধা চা চামচ
  • শুকনো মরিচের গুঁড়ো – ১ চা চামচ
  • আদা বাটা – আধা চা চামচ
  • লবণ – স্বাদমতো
  • কর্নফ্লাওয়ার
  • ময়দা
  • ডিম – ১টি
  • পেঁয়াজ (দেশি ও লাল রংয়ের) – ১টি করে
  • ক্যাপসিকাম (লাল ও সবুজ) – অর্ধেকটা করে
  • পেঁয়াজের পাতা
  • চিলি সস
  • টমেটো সস

প্রণালি
ডিম বাদে মুরগির মাংসের সাথে দুই টেবিল চামচ করে কর্নফ্লাওয়ার ও ময়দাসহ বাকি উপাদানগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর ডিম ভেঙে দিয়ে আবার মাখিয়ে নিতে হবে। মাখানোটা খুব ভালো হতে হবে যেন মুরগির প্রত্যেকটি টুকরোর সাথে সব উপাদান ভালোভাবে মিশে। এবার অন্য একটি বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে নিয়ে রেখে দিতে হবে।

সবজিগুলো ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। মসলা মাখানো মুরগির টুকরোগুলো তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। টুকরোগুলো একটি অপরটি থেকে আলাদা অবস্থায় দুই থেকে আড়াই মিনিট ভাজতে হবে। বাদামী হয়ে এলে টুকরোগুলো তুলে নিতে হবে। অন্য একটি পাত্রে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, এক চা চামচ করে আদা ও রসুন কুচি ও দুটি কাঁচা মরিচ কুচি দিতে হবে। অল্প একটু ভাজা হয়ে এলে এতে অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিতে হবে।

এবার এতে কাটা সবজিগুলো দিয়ে এক মিনিট ভেজে তাতে এক টেবিল চামচ চিলি সস, তিন টেবিল চামচ টমেটো সস, এক টেবিল চামচ সয়া সস ও পানি যোগ করে কিছুক্ষণ রান্না করতে হবে। এতে আবার এক চা চামচ চিনি, আধা চা চামচ গোল মরিচের গুঁড়ো, আধা চা চামচ টেস্টিং সল্ট ও স্বাদমতো লবণ যোগ করে পছন্দমতো মাখামাখা রেখে রান্না করতে হবে।

হয়ে এলে এতে ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে নেড়ে নিয়ে তাতে গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিতে হবে। বেশি তাপে চুলায় এক থেকে তিন মিনিট রান্না করে চুলা বন্ধ করে পেঁয়াজের পাতা কুচি ও একটু লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে। হয়ে গেল মজাদার চিকেন মাঞ্চুরিয়ান।

পরিবেশনের আগে ওপরে সামান্য সাদা তিল ছড়িয়ে দেওয়া যায় এতে। ইফতারে টেবিলে নুডুলস, ফ্রায়েড রাইসের সাথে স্বাদে-গন্ধে দারুণ জমে যায় এই চিকেন মাঞ্চুরিয়ান। আবার খালি মুখেও খেতে বেশ লাগে এই পদটি।

ইফতারে খাওয়া ছাড়াও অতিথি আপ্যায়নে, বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তা হিসেবেও মুরগির মাংসের এই পদগুলো অত্যন্ত মুখরোচক ও লোভনীয়। ভারী খাবার হিসেবেও ভাত, পোলাও, ফ্রায়েড রাইস, নুডুলস বা পরোটার সাথে অন্যরকম স্বাদ এনে দেয় এই পদগুলো।

ইফতারের টেবিলে মুরগির সুস্বাদু রেসিপি ৩ | Ecency