লাল্টু নিজের ছেলের জন্য একটা খেলনা রেলগাড়ি কিনে আনলেন। কিছুক্ষণ পর তিনি ঘরে গিয়ে দেখলেন বাচ্চাটা রেলগাড়ি দিয়ে খেলছে আর বলছে, ‘যে ছাগলের বাচ্চা নামতে চাও নেমে পড়। আর যে ছাগলের বাচ্চা উঠতে চাও উঠে পড়। গাড়ি এখানে দুই মিনিটের বেশি থামবে না।’
ছেলের মুখে এসব শুনে লাল্টুর মাথায় রক্ত উঠে গেল। তিনি ঠাস করে ছেলের গালে একটা থাপ্পড় মেরে বললেন, ‘আর যেন কোনোদিন না শুনি তোর মুখে এসব। আমি বাজারে যাচ্ছি, তুই খেলা বন্ধ করে পড়তে বস। দুই ঘণ্টা আগে পড়া থেকে উঠলে কপালে মন্দ আছে।’
দুই ঘণ্টা পর লাল্টু বাজার থেকে ফিরে দেখলেন ছেলেটা মন দিয়ে পড়ছে। তখন লাল্টুর মনটা একটু নরম হয়ে গেল। তিনি বললেন, ‘ঠিক আছে আর পড়তে হবে না, এখন গিয়ে খেলা কর।’
একটু পর লাল্টু শুনলেন তার ছেলে রেলগাড়ি দিয়ে খেলছে আর বলছে, ‘যে ছাগলের বাচ্চা উঠতে চাও উঠে পড়, যে ছাগলের বাচ্চা নামতে চাও নেমে পড়। গাড়ি এখানে বেশিক্ষণ থামবে না। আজ এক গাধার জন্য এমনিতেই গাড়ি ২ ঘণ্টা লেট হয়ে গেছে।’