প্রেক্ষাগৃহে বসে বড় পর্দায় ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ মিলবে। ছবি: সংগৃহীত
একসময় বাংলা সিনেমা দেখতে হলে দর্শকরা হুমড়ি খেলেও এখন দর্শক খরায় ভুগছে জোনাকি সিনেমা হল। আর এই কারণে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার নিদাহাস ট্রফির ফাইনাল খেলা প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ। তবে খেলা দেখতে হলে টিকিট কাটতে হবে।
রাজধানীর নয়াপল্টনের ভিআইপি রোডে অবস্থিত জোনাকি সিনেমা হলে সন্ধ্যা সাড়ে সাতটায় সরাসরি খেলাটি দেখানো হবে। ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে।
বড় পর্দায় ক্রিকেট খেলা দেখতে ডিসি সিটের জন্য গুণতে হবে সত্তর টাকা এবং রিয়ার সিটে বসে খেলা দেখতে টিকিট কিনতে হবে ষাট টাকায়।
নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে সন্ধ্যা সাতটায়। জোনাকি হলে প্রবেশে ফটক খুলে দেওয়া হবে সাতটায়।
হল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কোনো উল্লেখযোগ্য সিনেমা না থাকায় দর্শক পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই বাংলাদেশ বনাম ভারতের মধ্যেকার খেলাটি দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।