আমরা সব সময় একটি মায়ায় বাস করি। সেটা হতে পারে ভালোবাসার মানুষটির প্রতি মায়া। বন্ধু-বান্ধবদের প্রতি মায়া। পরিবারের প্রতি মায়া অথবা নিজের অদৃশ্য জীবনের প্রতি মায়া। এটি এমন একটি অদৃশ্য অনুভূতি যাকে আপনি কখনো নিজের থেকে ত্যাগ করতে পারবেন না। আপনি যতই এর থেকে দূরে সরতে চান না কেন মায়া আপনাকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরবে। আমরা কেউই অদৃশ্য কোন কিছু কে বিশ্বাস করতে রাজি নই। আমরা বিশ্বাস করি অদৃশ্য কোন কিছু আমাদের কখনো নিঃশেষ করে দিতে পারে না। কিন্তু কারো প্রতি মায়া আপনাকে চিরতরে শেষ করে দিতে পারে। আপনি বুঝতেই পারবেন না, কারো মায়া কখন আপনার পায়ের নিচে থেকে মাটি সরিয়ে নিয়েছে। আমরা চাই আর না চাই, আমরা একটা মায়ায় বাস করছি।
সব সময় কোন পছন্দ নিয়ে আমাদের মধ্যে বেশ বিভ্রান্তি চলে। কাল্পনিক গল্পের মতোই মাঝেমধ্যে আমার মনে হয় যদি আমি চেষ্টা করি, সত্যি কারের প্রচেষ্টা করি। তাহলে হয়তো পাহাড় পরিবর্তন করতে অথবা সারাতে পারবো। আপনার কাছে আমার এই শব্দ টা বেশ অদ্ভূত লাগবে। হয়তো আপনার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি তৈরি হবে। আমি প্রায়শই অনেক লোক কে বলতে শুনেছি যে, আপনি যখন মন থেকে কোন কিছু চাইবেন, তখন আপনার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। কিন্তু এই শব্দটি আমি অনেক ক্ষেত্রেই নিজের অভিজ্ঞতার সাথে মিলাতে পারিনা। শুধু নিজের ক্ষেত্রে নয় । আমি অনেকের মুখে শুনেছি, তাদের নিখুঁত ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলেও সফলতা আনতে পারেনি। কিন্তু কোটি মানুষের মধ্যে এর সংখ্যা খুবই কম। হাতে গোনা কয়েকজনের জন্য আমি এই শব্দটি মিথ্যে করে দিতে পারি না। কারণ এটাই আমার কাছে চিরন্তন সত্য।
মানুষের প্রচেষ্টার ধরন বিভিন্ন রকম হয়ে থাকে। কেউ শুধুমাত্র প্রচেষ্টা করে যায়। আর কেউ রয়েছেন যারা প্রচেষ্টাকে সফল করার জন্য বিভিন্ন নতুন রাস্তা খুঁজে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন , এই প্রচেষ্টাকি পরিবর্তনের ফল? নাকি এটা শুধুই ভাগ্য? এমন প্রশ্নও নিজেকে করা বোকামি। কারণ এমন প্রশ্ন আমাদের বিভ্রান্তে ফেলে দেয়। আপনি কখনোই ভাগ্যের উপর নিজের সত্তাকে বিলিয়ে দিতে পারেন না। নিজেদের উপলব্ধির উপর আমরা অনেক কাজের দিকে এগিয়ে যাই। আমরা এমন কাজের দিকে কখনো এগিয়ে যাই না যে কাজে আমাদের মন থেকে সায় দেয় না। মানুষের মানুষের প্রতি যেমন মায়া তৈরি হয়। মানুষের কাজের প্রতিও মায়া তৈরি হয়। এমন কিছু যেটা আপনার ভেতর থেকে কাজ করবে। যে কাজের প্রতি আপনার মায়া তৈরি হবে। সেটায় আপনি সফল হবেন । শুধু সফলতার জন্য নয় নিজের আত্মতৃপ্তির জন্য নিজের কাজের প্রতি মায়া তৈরি করতে হয়। যেটা আপনি করলে নিজের ভেতরে শান্তি অনুভব করবেন।
অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র মায়ার পেছনে ছুটতে পছন্দ করে। এমন কেউ রয়েছেন যারা জানে মায়ার পেছনে ছুটে নিজে নিঃশেষ হয়ে যেতে পারে । কিন্তু তার পরেও সেই মানুষগুলো মায়ার পিছনে ছুটতে পছন্দ করেন । কারণ তারা সেখানেই আত্ম তৃপ্তি অনুভব করেন। আমি বিশ্বাস করি মায়াহীন মানুষগুলো বেশ বেরসিক হয় । তাদের মধ্যে না থাকে কোন ভালোবাসা না থাকে বেঁচে থাকার আনন্দ। মায়া মানুষকে যেমন শেষ করে দেয়, ঠিক তেমনভাবেই বাঁচতে শেখায়। বেঁচে থাকার আনন্দটা আমি মায়ার মধ্যে খুঁজে পাই। যেখানে মায়া সেখানেই ছুটতে ভালোবাসি । মায়ার মধ্যে হয়তো অনেক কষ্ট লুকিয়ে থাকে। কিন্তু তার পরেও সেই কষ্টের মধ্যেই আনন্দ খুঁজে বেড়ানোটাই হয়তো আমাদের লক্ষ্য।
কোন গল্প তৈরি হোক মায়ার মধ্যে। কেউ নিজের ভেতরের অদৃশ্য মায়া গুলোকে ছাপিয়ে তুলুক সাদা পেজ এ। যে মায়ায় নিঃশেষ হয়ে কোন আনন্দ নেই, সে মায়া পিছিয়ে পরুক হাজার ভিড়ে। আমি না হয় তুমি শেষ টা শেষ হোক মায়ার ভোরে।