তৈরী করা চুষি-
প্রিয়,
পাঠকগণ,
কেমন আছেন আপনারা সবাই?
আশাকরি সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার নিজের হাতের তৈরী চুষির পায়েস তৈরীর গল্প। আসলে এটা আমি খুব একটা ভালো খাইনা, তবে আমার জীবনের একজন বিশেষ মানুষ এটা খুব ভালো খায়, তাই এটা আমি তার জন্যই তৈরী করেছি।
আমি কথা বলছি আমার বস সুনীতাদির (@sduttaskitchen)।আপনাদের আগেই বলেছি সে আমার কাছে আমার মায়ের মতন। আজ সে আমাদের বাড়ি এসেছিল, তাই আমি তার জন্যে চুষির পায়েস আর পুলী পিঠে বানিয়েছিলাম। যদিও জানি যে এখন হালকা হালকা গরম পরে গেছে, তাই পিঠে খাওয়ার তেমন মজা নেই, কিন্তু যেকোনো কারণ বশত এর মধ্যে আর হয়ে ওঠেনি। যখন বাড়িতে পিঠে তৈরী হয়েছে না সে আসতে পেরেছে, না আমি যেতে পেরেছি।
তাই ভাবলাম আজ যখন আসছে তাহলে একটু বানিয়ে রাখি। আমার শাশুড়িকে বানাতে দেখেছি, কাল তিনিও বাড়ি ছিলেন না, তাই একা একাই চেষ্টা করলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি।
প্রথমে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, এরপর কড়াইতে অল্প জল নিয়ে তাতে অল্প লবন আর সাদা তেল দিয়ে জল ফোঁটা পর্যন্ত অপেক্ষা করেছি। জল ফুটে গেলে অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে মন্ড তৈরী করেছি। এরপর কড়াই থেকে নামিয়ে নিয়ে সেটা ভালো করে ময়ান দিয়েছি। তারপরে রুটি বেলার পিরি নিয়ে তার ওপর অল্প গুড়ো দিয়ে ময়ান দেওয়া মন্ড থেকে অল্প করে মন্ড নিয়ে সেগুলোকে হাতের তালুর সাহায্যে দড়ির মতন লম্বা করে নিয়েছি,ছোটোবলায় মা আমাদের দিয়ে এগুলো করাতো আমরা বলতাম সাপ তৈরী করছি। এরপর ওগুলো থেকে একটু একটু করে কেটে চুষি তৈরী করতে হবে।কেটে নেওয়া চুষি গুলো আমি সারারাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবং সকালে দুধ জ্বাল দিয়ে, তাতে দুটো তেজপাতা দিয়েছি। দুধ জ্বাল দেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প করে করে চুষি গুলো দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো চিনি আর খেজুর গুড় দিয়ে নাড়িয়ে একটু পরে নামিয়ে নিয়েছি। এরপর ছোট ছোট বাটিতে নামিয়ে নিয়েছি, যাতে পরে খেতে গেলে ঘেঁটে না যায়। ব্যস এই ভাবেই আমি তৈরী করেছি চুষির পায়েস। সুনীতাদি খেয়ে ভালোই বলেছে,জানিনা সত্যি ভালো লেগেছে নাকি আমি কষ্ট করে বানিয়েছি তাই বলেছে।
আতপ চালের গুঁড়ো-
কড়াইতে তৈরী করা মন্ড-
মন্ড নামিয়ে নিয়ে ময়ান দিচ্ছি-
হাতের তালু দিয়ে দড়ির মত তৈরী করেছি-
চুষি কাটছি-
চুষি তৈরী-
দুধে জ্বাল দিচ্ছি-
চুষির পায়েস তৈরী-
পুলি পিঠের গল্প অন্য একদিন নিশ্চয় শেয়ার করব, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রইলো। শুভরাত্রি।