মন
চির চঞ্চলা মনের ছবি,
আঁকতে পারেনি কোন শিল্পী কবি ।
মনের উপমা নাহি মিলে
একটি মনের পাশে অন্যটি নিলে ।
কভূ তারে বাঁধা নাহি যায়,
ক্ষণিকে কাছে আসে ক্ষণিকে পালায় ।
কোথাও সে নাহি রয় স্থির,
ঘড়ির কাটার মত চঞ্চল অধীর ।
মনের গতি অতি দ্রুত,
তার কাছে সবগতি হয় পরাভূত ।
মনটা যে কত চঞ্চলা,
অনুভবে বুঝা যায়, যায় না বলা ।
চঞ্চলা হরিনীর মতো ছুটে যায়,
পারে যদি বাঁধে কেহ স্নেহের লতায় ।
ক্ষণিকে কঠিন সে ক্ষণিকে তরল,
কখনো মাধুরীময় কখনো গরল ।
মনের সীমানা জানে মন,
কোনটা পরের সীমা কোনটা আপন।
মন নিয়ে চলে বেচা কেনা,
মনে শুধু শোধ হয় মনের দেনা ।
সু-জনের মন মানিক রতন,
একটি মনের কাছে তুচ্ছ ভুবন ।