ঢাকা শহরের অলিগলি কোথাও "টু লেট" লেখা নোটিশের অভাব নেই। নোটিশে উল্লেখ থাকুক আর নাই থাকুক, এই টু লেট এর আশায় থাকায় বাড়িওয়ালারা একেবারে মুখের উপর দরজা বন্ধ করে দেয় যদি কোন ব্যাচেলর ভাড়া নিতে যায়। যেই শোনে বিয়ে হয়নি, কয়েকজন বন্ধু থাকবে বাড়িতে, ভুত দেখার মত চমকে ওঠে তারা, ভাবটা এমন চোখের সামনে সাক্ষাৎ ইবলিশ অথবা কোন নরকের কীট দাঁড়িয়ে আছে। মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নেড়ে ভাগিয়ে দেয়ার সময় তাদের চোখে মুখে রাজ্যের বিরক্তি ফুটে ওঠে, যেন কস্মিন কালেও তারা ব্যাচেলর ছিলনা। ভালবাসা কপালগুণে যাও বা দু একটা মেলে, "ভাল বাসা" টা এই বাজারে একেবারে দুর্মূল্য হয়ে দাঁড়িয়েছে।
স্টুডেন্ট লাইফ শেষে হলের রাজা বাদশাহ হালের জীবন ছেড়ে যখন বাসা খুঁজতে বের হলাম, কত বাসায় যে এরকম পরিস্থিতির শিকার হয়েছি তা আর নাই বা বললাম।ভাল কোন মেসে আমরা চার বন্ধু হয়ত থাকতে পারতাম কিন্তু একসাথে চারটা সিট পাচ্ছিলাম না।এইজন্য এই বাসা খুঁজার হ্যাপা।