চশমা কেউ চোখের সমস্যার জন্য ব্যাবহার করে, আবার কেউ ফ্যাশনের জন্য ব্যাবহার করে। আমার চোখে যে সমস্যা আছে আগে কখনো অনুভব করি নি। একদিন মজা করে আমার বন্ধুর চশমা চোখে দেই। চশমাতে আমাকে কেমন লাগে দেখার জন্য। কিন্তু আশ্চর্যের ঘটনা হইলো, চশমা চোখে দিয়ে আমি দূরের জিনিসগুলো আগের থেকে অনেক পরিষ্কার দেখছি। চশমা খোলার পর সব কিছু ঘোলা ঘোলা লাগছে। আমার দৃষ্টি থেকে মনে হতো আমাদের চারপাশটা মনে হয় এমনি, দূরের সবকিছু দেখতে একটু ঘোলা ঘোলা হবে একটাই স্বাভাবিক। মনে হতো সবাই মনে হয় আমার মতই দেখে।
কিন্তু না,আমি ভুল প্রমাণিত হোলাম, যখন মজা করে বন্ধুর চশমা চোখে দিলাম। তখন আমার বন্ধু বললো তোর ডাক্তার দেখাইতে হবে, তোর চোখেও সমস্যা আছে। আমি তো মোটামুটি টেনশনে পরে গেলাম। শেষমেশ আমারও চোখের সমস্যা হইলো? বন্ধু বান্ধব, আশে পাশের অনেক কেই দেখতাম তাদের চোখের সমস্যা, চশমা ব্যবহার করতো। তখন আমি ভাবতাম আমি কখনো চশমা ব্যবহার করবো না, ভাবতাম আমার কখনো চোখের সমস্যা হবে না।
সকল দুশ্চিন্তা বাদ দিয়ে বন্ধুর কথা মত আমিও চোখের ডাক্তার এর কাছে চলে গেলাম। আমার চোখের জন্য কয়েকটা টেস্ট দিলো। ডাক্তার আমার চোখ দেখার পর বললো তোমার চোখে একটু সমস্যা আছে। চশমা ব্যাবহার করতে হবে। ডাক্তার বলে দিলো ঘুম আর গোসল বাদে সব সময় চশমা ব্যবহার করতে। আমি তখন একটু টেনশনে পরে গেলাম, গলা শুকিয়ে আসলো। শেষ পর্যন্ত আমাকেও চশমা পড়তে হবে! কিন্তু এখন আর কিছু করার নেই। ডাক্তারের কথা মত শেষমেশ চশমা নিয়েই বাড়ি ফিরলাম।
এতদিন মজা করে কত রকমের চশমা পড়েছি, সান গ্লাস পড়েছি, বিভিন্ন রঙের চশমা পড়েছি, কিন্তু সেটা মাঝে মধ্যে পড়া হতো। কিন্তু এখন আমাকে বাধ্য হয়ে চশমা পড়তে হয়। তাই এখন আর কোনো মজা নাই। চশমা পরে এখন কেমন যেনো মনে হয় আমি একটা জায়গায় আবদ্ধ হয়ে আছি। আর সেই আবদ্ধ জায়গা থেকে আমাকে দুনিয়াকে দেখতে হচ্ছে।
চশমা নেওয়ার প্রথম দিকে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যারা চশমা ব্যবহার করেন হয়তো সবাই এই সমস্যা গুলোর সম্মুখীন হয়েছেন। প্রথম প্রথম চশমা পড়লে নিজের কাছে নিজেকে একটু অদ্ভুত লাগে। প্রথম দিকে চশমা পরে বের হলে সবার কাছে থেকে অত অত প্রশ্নের সম্মুখীন হতে হয়। ভাই চোখে সমস্যা! নাকি এমনি চশমা পড়েন? ভাই চশমাতে কি পাওয়ার আছে? ভাই কবে চশমা নিলেন? এই বয়সে চশমা পড়? চোখটারে তো শেষ করে ফেলছো! আরো কত কত প্রশ্ন তার শেষ নেই।
তবে আমার মনে হয় চশমা পড়লে সমাজে একটু বেশি মূল্যায়ন পাওয়া যায়। চশমা পড়া মানুষদের সবাই মনে করে অনেক ভদ্র ও শিক্ষিত । 😊
তেমনি যারা চশমা পরে তাদের সবাই মনে করে ও তো চোখে কম দেখে, ওর তো চোখে সমস্যা আছে। অনেকে তো চশমা ওয়ালাদের কানা ও বলে থাকেন। আমার কাছে চশমা পড়া খুবই বিরক্তিকর লাগে। এটা যারা ব্যাবহার করে তারাই বুঝে।
আমাদের জীবনে কিছু কিছু জিনিস আছে যেমন বুড়ো হয়ে যাওয়া,অ্যাকসিডেন্ট হওয়া, চোখের ক্ষমতা কমে যাওয়া, মারা যাওয়া। এইগুলা মনে হয় আমার সাথে কখনো হবে না। কারণ এইগুলো আমরা সবমময় অন্য মানুষের সাথে হতে দেখছি। এইগুলো কখনো আমার লাইফে হয় নাই। এইগুলো আমাদের ততক্ষন পর্যন্ত বিশ্বাস হয় না যতক্ষণ পর্যন্ত না আমাদের লাইফে ঘটে যায়। আমার চোখ যখন ভালো ছিল তখন আমার মনে হতো আমার চোখে কখনো চশমা পড়তে হবে না। আমি এখন চাইলেও দূরের কোনো জিনিসের উপর ফোকাস করতে পারি না।
আমাদের জীবনে অনেক কিছু আছে সেগুলো নিয়ে আমরা কখনো ভাবি না বা ঐটার কোনো মূল্যায়ন করি না। আমাদের জীবনে অনেক ঘটনা আছে সেগুলোর জন্য আমরা কখনো প্রস্তুত থাকি না। হটাৎ করে আমাদের জীবনে চলে আসে। কিন্তু তখন আর কিছু করার থাকে না।