গ্রীষ্মের কাঁক-ফাটা রোদ্দুরে যখন তোমার বুকের ভেতর তেষ্টার ঘনঘটা আষাঢ়ের বৃষ্টির মতো করেই ডেকে উঠবে,
সেই তেষ্টার পরিপূর্ণতার সন্ধানে তুমি যখন দিক-বিদিক মরিয়া হয়ে ঘুরবে, তোমার সেই সন্ধান-যাত্রার সহযাত্রী হয়ে জেনে রেখো,
আমি থাকবো।
যখন বোশেখ মাসের মাতাল হাওয়া তোমার টিনের চালে তাণ্ডব চালিয়ে প্রথম ঝড়ের আভাস দিয়ে যাবে,
সেই আভাসের সাথে বয়ে আসা ঘোর লাগানো মাটির গন্ধে জেনে রেখো,
আমি থাকবো।
শরতের সাদা মেঘের সাথে তাল মিলিয়ে যখন তুমি সাদামাটা গ্রামের পথ ধরে তোমার রঙচটা সাইকেলে চড়ে দিগন্তের দিকে পাড়ি জমাবে,
তোমার চোখে মুখে উড়ে আসা ধুলোবালি, মলিন শার্টে লেগে থাকা খড়-কুটো আর ফুলের রেণুর মাঝে জেনে রেখো,
আমি থাকবো।
হেমন্তের হলদে আলোয় তুমি যখন ক্লান্ত পথিকের বেশে, উদাসী মনে গাছের ছায়ায় বসে নেতিয়ে যাওয়া দশ দিন পুরনো সিগারেট ধরিয়ে তার ধোঁয়ায় নিজেকে হারাবে,
সেই নিকোটিনের হাল্কা নেশার শেষ ভাগটায়, জেনে রেখো,
আমি থাকবো।
সাঁঝের-বেলায়, তুমি যখন ব্যস্ত হয়ে সবুজ-রঙা মাফলারটা গলায় জড়িয়ে খোশমেজাজে ঘরের চৌকাঠ পেরবে,
বছর আগে, আমায় দেওয়া সেই মাফলারের প্রতিটি সুতোয় জড়িয়ে থাকা পাহাড় সমান স্মৃতির ভেতর জেনে রেখো,
আমি থাকবো।
আর যখন, বসন্তের শুরুতে, তোমার হাতে বেড়ে ওঠা অগোছালো শখের বাগান ফুলে ফুলে ছেয়ে যাবে,
নিশি রাতে সেই ফুলের ঘোর লাগানো ঘ্রাণ যখন তোমার জানালায় আলতো করে কড়া নাড়বে,
সেই ঘ্রাণের আড়ালে, জেনে রেখো,
আমি থাকবো।
আমায় তোমার মনে না থাকলেও,
তোমার কথায়, তোমার গানে, তোমার ভেতর জমে থাকা সমুদ্র সমান অভিমানে,
জেনে রেখো,
আমি....থাকবো।