ব তে বাংলিশ

Words
396
Reading
2 min
Listen
Play
4y

image.png

Source

আজকে হাইভে আমাদের খুব বিচক্ষণ দুই এলাচ-যোদ্ধাদের পুরনো বাংলা লেখা পড়তে পড়তে হটাত বেশ নিগূঢ় এক অনুধাবন হল। তা এই যে, এই যুগে সাহিত্য বাদে বাংলা লিখতে গেলে বাংলিশ পরিহার করা বেশ কঠিন। কিছু কিছু ইংরেজি শব্দের বাংলা শুনতে খুব কটু, সাবলীল শোনায় না।

যেমন ধরুন, আমি একজন ট্রেডার। বন্ধু-মহলের অনেকেই আমার এ পেশা সম্পর্কে অবগত, আর আমিও মাঝে মধ্যে নতুন কারোর সামনে ভারিক্কী সব ভাব সাব ধরতে বলে ফেলার লোভ সামলাতে পারি না। কিন্তু ট্রেডার এর বাংলা তো ব্যবসায়ী। আমি ইন্টারনেটে ক্রিপ্টোকারেন্সির মার্কেটে ট্রেডিং করে খাই, এই বাক্যের সঠিক বাংলা হবে, আমি অন্তজালে চোরা-পয়সার বাজারে লেনদেন করে খাই। তা এ কি আমি মানুষের সামনে বলতে পারবো? বা বাংলায় কোথাও লিখতে পারবো? বললে তো আমার গণপিটুনি খেয়ে নাকে খত দিয়ে বেচে ফেরত আসা দেয়া লাগবেস!

তারপরে ধরুন এই আজকে সন্ধ্যায় এইচবিওতে এককালে খুব জনপ্রিয় টিভি শো ব্রেকিং ব্যাড এর একটা পর্ব দেখাচ্ছিল। খুব জমজমাট পর্ব। শোয়ের নায়ক টেকো ফ্রেঞ্চকাট ওয়ালা ওয়াল্টার সাদা নামে এক ভদ্রলোক। পেশায় স্কুলের রসায়ন শিক্ষক, গোপনে নেশা বাবুর্চি। তিনি কথায় কথায় সবাইকে তার নাম জিজ্ঞেস করে বেড়ান। তার প্রাক্তন বস, আরেক নেশা পাইকার পরিবার সহ জানে মেরে মরুভূমির মধ্যে গেড়ে রেখে দেবে বলে হুমকি দিয়েছেন।

সাদা ভাইয়ের জানে মেরে দেবার এই বিষয় আশয় কোন ভাবেই পছন্দ হল না। তিনি বাসার রান্নাঘরে বসে একটা পাইপ বোমা বানিয়ে বসের পাছায় মারবার পণ করে পুরো পর্ব ধরে শহরের এমাথা ওমাথা দৌড়লেন। বোমা মারার আগেই পর্ব শেষ হয়ে গেল। তা আমি যদি এই শো নিয়ে বাংলায় লিখতে যাই, ব্যাপারটা কিরকম হবে? ধারাবাহিক নাটক খারাপ ভাঙ্গা মৌসুম চার পর্ব আট. অথবা যদি ব্যাটমান বিগিন্স নিয়ে লিখতে যাই, সেটাই বা কিরাম হবে? ক্রিস্টোফার নোলানের “বাদুর মানব শুরু” নিয়ে দুটি কথা? কেমন আজগুবি ব্যাপার!

এখন হয়ত কেউ আমাকে এটা বলবেন যে বাংলিশ তো আসলে এই রকম টা না। ইংলিশ বর্ণমালা দিয়ে বাংলা লেখা কে বাংলিশ বলে। সেক্ষেত্রেও আমার কথা দাঁড়াবে যে, মোস্তফা জব্বার সাহেব বাংলা টাইপিং একরকম পেটেন্ট করে নিজের বানিয়ে নিয়েছেন। এক মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া আর কোথাও বাংলা লেখার অনুকূল পরিবেশ নেই। সেক্ষেত্রে যারা ভালো ইংলিশ পারেন না, তাদের বার্তালাপ বাংলিশ ছাড়া অন্য কোনভাবে হবার সুযোগ নেই। বাংলিশ এর ব্যাবহার আমার কাছে সেক্ষেত্রে তেমন দোষের মনে হয় না। খালি রেবা আপার মত বাংলিশ সাহিত্য রচনা না হলেই তো ঝামেলা চুকে গেল।

বোলতা, ভিমরুল এবং মৌমাছিদের সঙ্গে
কাঠপিঁপড়ে, ডেয়োপিঁপড়ে এবং লালপিঁপড়েদের
সন্ধিচুক্তি যেদিন স্বাক্ষরিত হল,
কেউ মাথা ঘামায় নি।
শুধু কালোপিঁপড়েরা বলেছিল,
“আমাদের কিছুই বলার নেই।
আমরা কাউকে কামড়াই না
শুধু সুড়সুড়ি দিই।

আণবিক সুড়সুড়ি – তারাপদ রায়

ব তে বাংলিশ | Ecency