পিলু খাম্বাজ – কারফা
শা আর শুঁড়ি মিলে
শাশুড়ি কি হয় গো।
শ্যাম-প্রেমে বাধা দেয়
স্বামী তারে কয় গো॥
নয় নদী মিলে হয় ননদি সে দজ্জাল,
জুতো জামা-ই সার যার – জামাই সে মহাকাল,
যার কসুর হয় না সে শ্বশুর মহাশয় গো॥
সে ভাদ্দর-বউ, যার ভাদ্দর মাসে বিয়ে,
দেবর সে জন, দেয় বর যে দাদারে দিয়ে।
ভাসুর সে, অসুরের মতো যারে ভয় গো॥
বেহায়া চশম-খোর, তাই কি বেহাই কই,
পিষিয়া মারেন বলে নাম কি পিসিমা ওই,
সবিরই সে ভাগ নেয় ভাগনেরই জয় গো॥
source:https://www.ebanglalibrary.com/nazrul/%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%81%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be/