মিশ্র খাম্বাজ – কারফাপ্রিয়ার চেয়ে শালি ভালো,
বাবার চেয়ে মামা।
ডাইনের চেয়ে ডুগি ভালো
অর্থাৎ কিনা বামা॥
একশালা-সে দোশালা আচ্ছা,
চণ্ডুর চেয়ে গাঁজা,
‘তেনার’চেয়ে ভালো ‘তেনার’
হাত দিয়ে পান সাজা,
ধাক্কার চেয়ে গুঁতো ভালো
উকোর চেয়ে ঝামা।
টিকির চেয়ে বেণি ভালো,
ধুতির চেয়ে শাড়ি,
পাঁঠার চেয়ে মুরগি ভালো,
থানার চেয়ে ফাঁড়ি,
ঠুঁটোর চেয়ে নুলো ভালো,
প্যান্ট চেয়ে পায়জামা॥
পেয়াদার চেয়ে যম ভালো ভাই,
শালের চেয়ে বাঁশ,
দাড়ির চেয়ে গুম্ফ ভালো
আঁটির চেয়ে শাঁস,
ছেলের চেয়ে ছালা ভালো,
পেতের চেয়ে ধামা॥
পাকার চেয়ে কাঁচা ভালো,
কালোর চেয়ে ফরসা,
পেতনির চেয়ে ভূত ভালো ভাই
ছাড়বার থেকে ভরসা।
ঝগড়ার চেয়ে রগড়া ভালো,
কাল্লুর চেয়ে গামা॥
source:https://www.ebanglalibrary.com/nazrul/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%be/