তুমি কোন পথে এলে হে মায়াবী কবি

Words
137
Reading
1 min
Listen
Play
9y

 কীর্তনতুমি কোন পথে এলে হে মায়াবী কবি  
          বাজায়ে বাঁশের বাঁশরি
এল রাজ-সভা ছাড়ি ছুটি গুণিজন  
          তোমার সে সুরে পাশরি॥
তোমার চলার শ্যাম বনপথ  
          কদম-কেশর-কীর্ণ,
তুমি কেয়ার বনের খেয়া-ঘাটে হলে  
          গোপনে কি অবতীর্ণ?
তুমি অপরাজিতার সুনীল মাধুরী  
দুচোখে আনিলে করিয়া কি চুরি?
তোমায় নাগ-কেশরের ফণী-ঘেরা মউ  
          পান করাল কে কিশোরী?  
জনপুরী যবে খল-কোলাহলে  
মগ্নোৎসব রাজসভাতলে,
তুমি একাকী বসিয়া দূর নদী-তটে  
          ছায়া-বটে বাঁশি বাজালে,
তুমি বসি নিরজনে ভাঁট ফুল দিয়া  
          বালিকা বাণীরে সাজালে॥
যবে রুদ্র আসিল ডম্বরু-করে  
ত্রিশূল বিঁধিয়া নীল অম্বরে
তুমি ফেলিয়া বাঁশরি আপনা পাশরি  
          এলে সে প্রলয়-নাটে গো,
তুমি প্রাণের রক্তে রাঙালে তোমার  
          জীবন-গোধূলি পাটে গো॥  
হে চির-কিশোর, হে চির-তরুণ,  
চির-শিশু চির-কোমল করুণ!  
          দাও অমিয়া আরও অমিয়া,
দাও উদয়-উষারে লজ্জা গো তুমি  
          গোধূলির রঙে রঙিয়া!  
প্রখর রবি-প্রদীপ্ত গগনে  
তুমি রাঙা মেঘ খেল আনমনে,  
উৎসব-শেষে দেউলাঙ্গনে  
          নিরালা বাজাও বাঁশরি,
আমি স্বপন-জড়িত ঘুমে সেই সুর  
          শুনিব সকল পাশরি॥ 

source:https://www.ebanglalibrary.com/nazrul/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80/
তুমি কোন পথে এলে হে মায়াবী কবি | Ecency