ছায়ানট – দাদরা হিন্দু-মুসলমান দুই ভাই
ভারতের দুই আঁখি-তারা
এক বাগানের দুটি তরু দেবদারু আর কদম-চারা॥
যেন গঙ্গা সিন্ধু নদী
যায় গো বয়ে নিরবধি,
এক হিমালয় হতে আসে, এক সাগরে হয় গো হারা॥
বুলবুল আর কোকিল পাখি
এক কাননে যায় গো ডাকি,
ভাগীরথী যমুনা বয় মায়ের চোখের যুগল ধারা।
ঝগড়া করে ভায়ে ভায়ে
এক জননির কোল লয়ে
মধুর যে এ কলহ ভাই পিঠোপিঠি ভায়ের পারা॥
পেটে-ধরা ছেলের চেয়ে চোখে ধরার মায়া বেশি,
অতিথি ছিল অতীতে, আজ সে সখা প্রতিবেশী।
ফুল পাতিয়ে গোলাপ বেলি
একই মায়ের বুকে খেলি,
পাগলা তারা, আল্লা ভগবানে ভাবে ভিন্ন যারা॥
source:https://www.ebanglalibrary.com/nazrul/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ad%e0%a6%be/