:::::::::::::::::৮৫ পথভ্রষ্ট:::::::::::::::::::
সংসারে এমন মানুষ আছে বহুজন।
অনিশ্চিতের পিছে তারা ছুটে সর্বক্ষণ।।
নিশ্চিত ছাড়ি তারা করে সদা ভুল।
নিশ্চিত অনিশ্চিত সব হারায় দুকূল।।
বঙ্গানুবাদ: যে ব্যক্তি নিশ্চিত বস্তু পরিত্যাগ করে অনিশ্চিতের পিছনে ছুটতে থাকেন, পরে তিনি নিশ্চিত অনিশ্চিত দুটোই হারিয়ে ফেলেন।
:::::::::::::::::::৮৬ মিথ্যা আড়ম্বর:::::::::::::::::::::
ছাগলের লড়াই আর ঋষিদের শ্রাদ্ধ।
পতি পত্নীর কলহে মনে হয় মহাযুদ্ধ।।
প্রভাতে মেঘের গর্জন আড়ম্বর পূর্ণ।
মনে যা হোক না কেন অতীব সামান্য।।
বঙ্গানুবাদ: ছাগলের লড়াই, ঋষিগণের শ্রদ্ধাদি কর্মে, পতি পত্নীর দাম্পত্য কলহ এবং সকাল বেলা মেঘের গর্জন প্রথমদিকে বেশ আড়ম্বর পূর্ণ মনে হলেও পরিণামে তা অতি সামান্য।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী