সবে তখন কিন্ডারগার্টেন স্কুলে যাতায়াত করি । বয়স কত হবে সঠিক মনে নাই, তবে কিছু স্মৃতি উজ্জ্বল নক্ষত্রের মতো এখনও জ্বলজ্বল করছে । ভালোভাবে মনে আছে আমার ।ঐতো ম্যাডাম একদিন ক্লাসে দাঁড় করিয়ে বলল ,এই ছোকরা বড় হয়ে কি হতে চাও । জানিনা কিছু না ভেবেই ক্যান জানি বলে দিলাম, ম্যাডাম বড় হয়ে আমি স্বাস্থ্যমন্ত্রী হতে চাই ।
ঐ ক্লাশভর্তি আমার সমবয়সী ছেলে মেয়ে গুলোর সেকি খিল খিল করে হাসি ! ঐ হাসির শব্দগুলো গুলো মনে হয় এখনো আমার কানে বাজে । তখন তো স্বাস্থ্যমন্ত্রী শব্দটার তাৎপর্য ভালোভাবে বুঝতাম নাহ্। তবে এটা বুঝতে পারতাম যে রোজ মা আমাকে, না খাওয়ার জন্য রাগারাগি করতো এবং বলতো দেখ টিভিতে স্বাস্থ্যমন্ত্রীকে, দেখ তার কি গোল গোল চেহারা ।তখন হয়তো ভাবতাম যে স্বাস্থ্যমন্ত্রী মানে সুস্বাস্থ্যের অধিকারী ।
ছোটবেলা থেকেই একদম হালকা গড়নের ছিলাম । হয়তো এজন্যই ঐদিন ক্লাসে ফস করে বলে ফেলছিলাম ম্যাডাম আমি স্বাস্থ্যমন্ত্রী হতে চাই । তবে মজার একটা ব্যাপার হচ্ছে, আমার যে সহপাঠী গুলো খিলখিল করে হেসে ছিল তাদের সঙ্গে আমাকে পাঁচটি বছর একই স্কুলে থাকতে হয়েছিল । ঐ পাঁচটি বছর আমি তাদের কাছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবেই পরিচিত ছিলাম, তারা আমাকে যেখানেই দেখতো সেখানেই বলতো এই স্বাস্থ্যমন্ত্রী কি খবর। যদিও ব্যাপারটিতে প্রথমে আমার একটু খারাপ লাগতো, পরে আস্তে আস্তে তা সহ্য হয়ে গিয়েছিল ।
কিছু কিছু ইচ্ছে নাকি ছোটবেলা থেকেই মনের মধ্যে গেঁথে যায় । হয়তো সহপাঠীদের অতিরিক্ত টিটকারির ফলে , আমার আশাটা হয়তো ছোটবেলা থেকেই শক্তপোক্ত হয়েছে।
যাইহোক হরেক রকম আশার ভীড়ে, আজ আমি আমার বাস্তবিক আশার গল্প আপনাদের শুনাবো । সেটা হচ্ছে আমি স্বাস্থ্যমন্ত্রী হতে চাই । হয়তো আমার কোন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নাই বা আমি জড়িত নই কোন রাজনৈতিক অঙ্গসংগঠনের সঙ্গে কিন্তু শুধু একটা জিনিসই আমার আছে সেটা হচ্ছে, আমার প্রবল ইচ্ছা শক্তি ।
ছোট বেলা থেকেই বাবার চাকুরির কারনে , ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য সেন্টার থেকে শুরু করে থানা পর্যায়ের হাসপাতাল ও জেলা পর্যায়ের হাসপাতাল ও পরবর্তীতে আমি নিজে যখন মেডিকেল কলেজে পড়াশোনার জন্য যাতায়াত শুরু করলাম ও পরবর্তীতে যখন আমার ডিগ্রি শেষ করলাম, ততদিনে বয়স এখন আমার ২৯ ছুঁই ছুঁই ।
সত্যি বলতে কি, বুদ্ধির বয়স থেকে শুরু করে এখন পর্যন্ত স্বাস্থ্য সেবার কতো নিয়ম ও অনিয়ম , কত ভালো ও মন্দ কাজ, কতো দুর্নীতি ও নীতির সম্মুখীন যে আমার নিজ চক্ষু দুটি হয়েছে, তা কেবল আমার চক্ষু দুটিই জানে । আমার জীবনের বাস্তবতা থেকেই বলছি, আমার মানসিক দৃঢ়তা ও প্রবল ইচ্ছা শক্তি দেশের স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে,সর্বক্ষেত্রের হাসপাতাল ও মাঠ পর্যায়ের ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য সেবা প্রদান কেন্দ্রে সুদূর প্রসারী ভূমিকা পালন করবে , যদি আমি একটি বারের জন্যেও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেতাম তাহলে ।
আমি জানি, আমি যত সহজে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম । আমার আশা পূরণ করা তার থেকেও শত শত গুণ কষ্টকর । মামা-তামার দেশে, আশা করা নিতান্তই বোকামি এটা এখন আমি একটু হলেও বুঝি ।
আমার আশা, নিরাশায় রুপ নেক এতে আমার বিন্দুমাত্র দুঃখ নেই । তবে শুধু আমার একটা জিনিস চাওয়া , মাথামোটা ছাগলগুলোকে মন্ত্রীত্বের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করা হোক । এই মহামারীতে মানুষ সঠিকভাবে বাঁচতে চায়, .....মানুষ .....মন্ত্রীত্বের ফাজলামো দেখতে চায় নাহ্।