প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে আমার বানানো পুলি পিঠের রেসিপি শেয়ার করবো। আগেই বলেছি এই প্রথমবার আমি একা একা পিঠে তৈরীর চেষ্টা করেছি, খুব ভালো হয়তো হয়নি, তবু আপনাদের সাথে শেয়ার করছি দেখে হয়তো আপনাদের ভালোই লাগবে।
আমি প্রথমে চুষি পিঠে তৈরী করার মত করে আতপ চালের গুঁড়ো দিয়ে মন্ড তৈরী করেছি,কড়াইতে পরিমাণ মত জল দিয়ে তাতে অল্প লবন আর সাদা তেল দিয়েছি।তারপর তাতে চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। একটু ঠাণ্ডা হলে কড়াই থেকে নামিয়ে মন্ডটা ভালো করে মথে নিয়েছি।এরপর রুটি বেলার পিরি নিয়ে তাতে অল্প চালের গুঁড়ি ছড়িয়ে নিয়ে কিছুটা মন্ড রুটির আকারে বেলে নিয়েছি। এরপর একটা গ্লাসের সাহায্যে গোল গোল আকারে কেটে নিয়েছি।
অন্যদিকে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, কড়াইতে অল্প একটু জলের মধ্যে খেঁজুরের গুঁড় দিয়ে জল ফোঁটা পর্যন্ত অপেক্ষা করেছি, তারপর কুড়িয়ে নেওয়া নারকেল দিয়ে ভালো করে নেড়ে পুর তৈরী করে নিয়েছি।
এবার গোল গোল করে কেটে নেওয়া লেচির মধ্যে নারকেলের পুর ভরে সেগুলোকে পুলি পিঠের আকারে গড়ে নিয়েছি।
আমার husband ভাপে সেদ্ধ করা পুলি পিঠে খেতে পছন্দ করে না, তাই কয়েকটা পিঠে আমি ওর জন্য সাদা তেল দিয়ে ভেঁজে রেখেছিলাম, আর বাকি পিঠে গুলো আমি ভাপে সেদ্ধ করেছিলাম।
একটা হাড়িতে অল্প জল নিয়ে ফুটতে দিয়েছি, জল ফুটে গেলে ছিদ্রযুক্ত একটা পাত্রে তৈরী করা পিঠে গুলো এক এক সাজিয়ে নিয়ে পাত্রটি হাড়ির মুখে বসিয়ে ওপর দিয়ে ঢেকে দিয়েছি যাতে ভাপে ভাপে পিঠে গুলো সেদ্ধ হয়ে যায়।এরপর পিঠে গুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি।