জোভান ও উর্মিলা শ্রাবন্তী কর
১৫ বছর আগে একজন দারোয়ান তার ভাগ্নি পরিচয়ে অবনীকে মির্জা পরিবারের কাছে নিয়ে আসেন। সে থেকেই ধনাঢ্য এই পরিবারের একজন হয়ে ওঠেন অবনী। খুব সাদাসিধে জীবনযাপন তার। বাড়িটির একমাত্র ছেলে অর্ণব বিদেশে পড়াশোনা করেন। ছোটবেলায় বাড়ির অন্যান্যরা অবনীকে তুচ্ছ করলেও অর্ণব ছিলেন তার খেলার সাথী। ছোটবেলার সেই অর্ণবকে কখন যে ভালোবেসে ফেলেছেন অবনী নিজেও তা জানেন না! তবে হঠাৎ ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে।
এমনই গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘সম্পর্ক’। জান্নাতুল ফেরদৌস এনার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুশফিক কল্লোল। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জোভান ও উর্মিলা শ্রাবন্তী কর।
নাটকটিতে জোভানের চরিত্রের নাম অর্ণব ও উর্মিলা অভিনয় করেছেন অবনী চরিত্রে। এতে আরো অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, নিমা রহমান, কায়েস চৌধুরী, মোহম্মদ তারিক নিয়াজ, করবী মিজান, সেতু ফাল্গুনী, একে আজাদ সেতু, হিমে হাফিজ, দোলন দে, প্রণীল এমিলা হক প্রমুখ।