হাজার হাজার মুভির পোস্টারের দিকে এক নজর তাকালেই চোখে পড়ে এই রং দুটি। নীল এবং কমলা রং দুটি কালার-হুইলের বিপরীত প্রান্তে অবস্থিত। অর্থাৎ কোনো ডিজাইনার যদি এর একটা ব্যবহার করেন, তাহলে দ্বিতীয়টি ব্যবহারের সম্ভাবনা এমনিতেই বেড়ে যায়। তবে লাল-সবুজ, সাদা-কালো বা অন্য যেকোনো বিপরীত রংয়ের চেয়ে নীল-কমলা অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হওয়ার পেছনে শুধু প্রচলিত ধারা ছাড়াও কয়েকটি কারণ আছে।
প্রথমত, নীল-কমলা রং দুটি সম্পূর্ণ বিপরীত দুই ধরনের বিষয়কে প্রতিনিধিত্ব করে, যা কালার হুইলের অন্য কোনো বিপরীত পার্শ্বস্থ রং দ্বারা প্রকাশ করা সম্ভব হয় না। যেমন- মাটি ও আকাশ, বরফ ও আগুন, রাত ও দিন, শান্তি ও যুদ্ধ প্রভৃতি। তাই যেসব ডিজাইনার পোস্টারের রংয়ের মধ্য দিয়ে সিনেমার মূলভাব সম্পর্কে বার্তা দিতে চান, তাদের কাছে এই সমন্বয়টি অত্যন্ত প্রিয়। এছাড়াও আরেকটি কারণ হলো, প্রায় সব পোস্টারেই মানুষের উপস্থিতি থাকে। আর মানুষের শরীরের রং কমলার কাছাকাছি হওয়ায় ডিজাইনাররা তার সাথে মিল রেখে অন্যান্য স্থানেও কমলা এবং তার বিপরীতে নীল রং ব্যবহার করেন।