গৃহীদের উদ্দেশ্যে
শ্রী শ্রী ঠাকুরের বানীঃ
১। আমি চাই তোমরা আদর্শ গৃহী হও। শুধু সন্ন্যাসী হয়ে বনে গেলেই ভগবান লাভ হয় না ; গৃহে থেকে , আদর্শ গৃহী হয়ে ধর্মসাধন করলেও ভগবান লাভ হয়। আমি সেই কথাই প্রচার করতে চাই।
তোমরা শরীরে, মনে, ভাবে, কাজে, চিন্তায় সৎ , বলিষ্ঠ হও , গরিষ্ঠ হও, সত্যকে আশ্রয় করে চল - এক সত্যই তোমাদের সব দিতে পারে। সংসারে সব থাকবে, - স্ত্রী , পুত্র, কন্যা, ভাই , ভগ্নী , বিষয়আশয় , বাড়িঘর , অর্থ , নাম , যশ ; কিন্তু তোমরা থাকবে নির্লিপ্ত। তোমরা ভগবানের দাস হয়ে সব তাঁরই জেনে সুষ্ঠুভাবে তাঁরই কাজ করে যাবে। বাইরে এ সব তোমার বলবে, কিন্তু অন্তরের অন্তস্থলে জানবে এরা তোমার কেউ নয় - সব ভগবানের। এই ভাবই তোমাদের কর্ম বন্ধন হতে মুক্ত করবে। এমন মধুর ব্যবহার এবং অমায়িক আচরণ তোমরা দেখাবে, যেন জগতের সকলেরই আদরের এবং ভালবাসার পাত্র হতে পার। স্ত্রী মনে করবে এমন স্বামী আর হয় না, পুত্র- কন্যা মনে করবে এমন পিতা কারো মিলে না , ভাই মনে করবে এমন দাদা কারো থাকে না, পিতা - মাতা মনে করবে এমন পুত্র কারো জন্মে না , বন্ধু মনে করবে এমন বন্ধু কারো হয় না , জমিদার মনে করবে এমন প্রজা আর নেই , প্রজা মনে করবে এমন জমিদার আর নেই । সংসারে যার যেটুকু পাওনা , তাকে সেটুকু কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিবে , অথচ স্বীয় লক্ষ্যে অটুট থাকবে- এই-ই হচ্ছে আদর্শ গৃহস্থের লক্ষ্মণ । আমি সমাজে এইরূপ আদর্শ গৃহস্থই দেখতে চাই।
শ্রী গুরু জয়। ।।