Bangla poem: হলদে, বাসন্তী

Words
86
Reading
1 min
Listen
Play
8y

হলদে, বাসন্তী

আইরিন সুলতানা

হলদে, বাসন্তী, লাল আর কমলা
শাড়ী নিয়ে মাতোয়াড়া, তরুণী-চপলা ।
হাত ভরে চুড়ি বাজে -রুনঝুন, রিনিঝিনি
মাটির গয়না-গাটি ; জম্পেশ বিকি-কিনি ।
এক পায়ে মল আর গোল টিপ কপালে
সাজুগুজু শুরু হয় সেই ভোর-সকালে।
পাঞ্জাবী, ফতুয়া - দুটোই যে চলছে
ছেলেগুলো হিমু হবে - সকলেই বলছে।
সাথের জিন্সটা হলো কালচারে ফিউশন
মন্দ কি ভাবছে যে স্মার্ট জেনারেশন ।
ভাপা পিঠা, মোয়া-নাডু আর পাটিসাপটা
সাথে ফ্রি একদম হইচই, আড্ডা।
প্রকৃতিতে প্রাণ জাগে, ফুলে ফুলে আগুন
শীত গেল চলে, আজ পহেলা ফাগুন ।
image

[Writer](আইরিন সুলতানা)

Bangla poem: হলদে, বাসন্তী | Ecency