থানায় থেকে ফোন করে বলল “এক লোককে আটক করা হয়েছে... তার পকেট ভর্তি আপনার ভিজিটিং কার্ড... এখনই আপনি থানায় আসেন”
আমি যেয়ে দেখি লকারে মিকি মাউসের ড্রেস পরা একজন বসে আছে
আমি দারোগাকে বললাম ‘একে তো আমি চিনি না, ছোটবেলায় টিভিতে ২/৩ বার দেখেছি এই যা’
মিকিমাউসটা সাথে সাথে লকারের গ্রিলের কাছে এসে বলল, “স্যার আমি ইকবাল... আরামবাগের ইকবাল”
‘তুমি কি করতে যেয়ে ধরা খাইসো?’
দারোগা বলল “ভিভিআইপি মুভমেন্টের সময় সে এই ড্রেস পরে সন্দেহজনক গতিবিধিতে ছিল”
‘কি করেছে সে?’
“পুলিশ তাকে থামতে বলায় সে ঝেড়ে দৌড় দিয়েছে”
আমি বললাম ‘ইকবাল দৌড় দিস কেন ভাই আমার? আর এই চৈত্র মাসে এই ড্রেস পরে রাস্তায় হাঁটছিলে কেন?’
... ইকবালের কিছু ফ্ল্যাশ ব্যাক আছে, সেটা বলি;
সে জন্মদিনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার (কখনো মিকি মাউস ... টম এন্ড জেরি ... পু ... ডোরেমন... ইত্যাদির পোশাক) পরে বাচ্চাদের মাতিয়ে রাখে
৯ হাজার টাকা দিয়ে সে গতবছর এরকম ৪ টা ড্রেস বানিয়েছে
যে কোন বড়লোকি জন্মদিনে ডাক পেলেই, সে পোটলা নিয়ে উপস্থিত হয় সেখানে
আমার কিছু পারিবারিক অনুষ্ঠানের ব্যাপারে, সে যতবারই আমার অফিসে দেখা করতে এসেছে, ততবারই সে একই তেল চিটচিটে জিন্সের প্যান্ট... আর একটা হলুদ হাওয়াই শার্ট পরে এসেছে
বুঝা যায়, ইকবালের আলমারিতে ভালো ড্রেস বলতে সেই ক্যারেক্টারের ড্রেসগুলোই আছে
তার চোখ দেখলেও বুঝা যায়, সে টুকটাক নেশা করে... গাঁজাই খায় মনে হয়
এক শুক্রবার তাকে বললাম; ‘একটা সুবিধাবঞ্চিত পথশিশুদের স্কুলের অনুষ্ঠানে, ড্রেস পরে যেতে হবে... অনুষ্ঠান শেষ হলে আমার কাছ থেকে এসে টাকা নিয়ে যাবে’
অনুষ্ঠান শেষ করে এসে বলল, “স্যার আমি টাকা নিমু না ...পথকলিদের জন্য এটা আমার গিফটট... এতো মজা জীবনে আমি কোনও অনুষ্ঠানে যেয়ে পাই নাই। যদিও এক পিচ্চি টাইনা আমার লেজ ছিড়া ফেলাইসে”
আমি বললাম ‘লেজ সেলাই করার টাকা অন্তত নাও’
না সে নিলোই না... সে শুধু এসেছিল আমাকে থ্যাংকস দিতে
অনেকদিন তার দেখা নেই
...কিন্তু সে সেদিনের পর থেকে এখন মাসে ৪ টা পেইড প্রোগ্রাম করলে একটা সে ফ্রি প্রোগ্রাম করে সুবিধাবঞ্চিতদের জন্য ... কেউ তাকে দাওয়াত দেক আর না দেক... সে নিজেই মাসে একবার যে কোন একটা বস্তিতে যেয়ে লাফালাফি করে আসে
এরকমই একটা অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সে পুলিশের কাছে ধরা খায়
পুলিশও ব্যাপারটা বুঝতে পেরে তাকে ছেড়ে দিয়েছে
থানা থেকে বের হয়ে আমি তাকে কিছু টাকা সাধলাম
এবারও নিলো না
বেশী না, হয়ত ১/২ হাজার টাকাই দিতাম... এটা দিয়ে সে হয়ত কয়েকদিন ভালই নেশা করতে পারতো
কিন্তু নিলো না
আমিও চাই নিস না... আমিও চাই, Let Bangladesh be our drug... and we be the addict