‘হাতি মেরে সাথির’ ফার্স্ট লুকে রানা দাগগুবাতি
‘হাতি মেরে সাথির’ ফার্স্ট লুকে রানা দাগগুবাতি
• ‘হাতি মেরে সাথি’ ছবিতে মানুষ ও হাতির মধ্যে বন্ধুত্বের গল্প ফুটে উঠেছে
• এই ছবিতে অভিনয় করেছেন রানা দাগগুবাতি
• ক্ল্যাসিক হিন্দি ছবি ‘হাতি মেরে সাথি’কে সম্মান জানিয়ে এ ছবি তৈরি
‘বাহুবলী’খ্যাত অভিনেতা রানা দাগগুবাতি কিছুদিন আগে জঙ্গল থেকে ফিরেছেন। না, বনবাসী হওয়ার কোনো ইচ্ছা ছিল না তাঁর। আগামী ছবির জন্য নিজেকে প্রস্তুত করতেই জঙ্গলে গিয়েছিলেন। সেখানে হাতিদের সঙ্গে ১৫ থেকে ২০ দিন সময় কাটিয়েছেন এ অভিনেতা। কারণ, তাঁর নতুন ছবির নাম ‘হাতি মেরে সাথি’। ছবিতে হাতি ও মানুষের মধ্যে বন্ধুত্বের গল্প ফুটে উঠেছে। নিজেকে প্রস্তুত করতে জঙ্গলে থেকেছেন রানা।
১৯৭১ সালে একই নামে একটি ছবি তৈরি হয়েছিল বলিউডে। সেখানে অভিনয় করেছিলেন রাজেশ খান্না ও তনুজা। তবে, ক্ল্যাসিক ‘হাতি মেরে সাথির’ সঙ্গে নতুন ছবির নাম ছাড়া আর কোনো মিল নেই। রানা দাগগুবাতি বলেন, ‘ক্ল্যাসিক ছবিটিকে সম্মান জানিয়ে এই ছবিটি তৈরি করা হয়েছে। কিন্তু ছবির চিত্রনাট্যে কোনো মিল নেই। এই ছবির শুটিংয়ের আগে প্রায় ১৫ থেকে ২০ দিন আমি জঙ্গলে ছিলাম। হাতিদের অনেক কাছ থেকে দেখেছি। এ ছাড়া আমাদের (ছবির শিল্পীদের) অনেক ধরনের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। যেন অভিনয়টা বাস্তবসম্মত মনে হয়।’
এই ছবির নির্মাতা প্রভু সোলোমন। তামিল নির্মাতা প্রভুর এটিই প্রথম হিন্দি ছবি। থাইল্যান্ডে চলতি মাসের মাঝামাঝি ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কাজ শেষ করার পরিকল্পনা আছে। এই ছবিতে পুরো ইউনিটের সঙ্গে থাকবে প্রায় ১৮টি হাতি। হাতি আর মানুষের বন্ধুত্ব নিয়ে আরেকটি ছবি নির্মাণ করছেন পরিচালক রোহান সিপ্পি। তাঁর ছবিটির নাম ‘জংলি’। বিদ্যুৎ জামওয়াল অভিনীত এই সিনেমা মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। তথ্যসূত্র: ডেকান ক্রনিকল।