বনানীতে ফের ‘জন্মদিনের পার্টি কায়দায় ধর্ষণ’: দুজন কারাগারে
বনানীতে ফের ‘জন্মদিনের পার্টি কায়দায় ধর্ষণ’: দুজন কারাগারে
রাজধানীর বনানীতে এক নারীকে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের অভিযোগে ওই নারী গতকাল রোববার রাতে বনানী থানায় মামলা করেছেন। আসামি দুজন হলেন রাজীব আহম্মদ (২৮) ও রুবেল হোসেন (২৭)।
আজ সোমবার দুপুরে দুজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব রিমান্ড শুনানির জন্য ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠান।
রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) বোরহানউদ্দিন আদালতে কেস ডকেট দাখিল না করায় আদালত রিমান্ড শুনানির জন্য ৭ ফেব্রুয়ারি দিন ঠিক করেন।
আসামি রাজীবের বাবা বলেন, রাজীব বিবাহিত। তাঁর এক ছেলে রয়েছে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনেকশন বিষয়ে পড়াশোনা করেন। এখন একটি টেলিকমিউনেকশন কোম্পানিতে চাকরি করেন।
এর আগে আপন জুয়েলার্সের মালিকের ছেলে ও তাঁর বন্ধুর বিরুদ্ধে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় করা মামলাটি এখন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ।
মামলার বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা বোরহানউদ্দিন জানান, মোবাইল ফোনে ওই নারীর সঙ্গে রাজীবের পরিচয়। এর সূত্র ধরে গত শনিবার রাতে ওই নারীকে জন্মদিনের পার্টির কথা বলে বনানীর একটি গেস্ট হাউসে আমন্ত্রণ জানান রাজীব। ওই নারী রাত সাড়ে আটটার দিকে গেস্ট হাউসে আসেন। সেখানে রাজীবের সঙ্গে তাঁর বন্ধু জয়ও ছিলেন। তাঁরা রাতভর সেখানে আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
সেখান থেকে ছাড়া পেয়ে গতকাল রোববার রাতে মামলা করেন ওই নারী। এরপরই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান বোরহানউদ্দিন। তিনি আরও জানান, ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
গত বছরের ২৮ মার্চ রাতে জন্মদিনের পার্টির কথা বলে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। ঘটনার ৪০ দিন পর এ ব্যাপারে বনানী থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে বাদীকে পুলিশ হয়রানি করে। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে হইচই পড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এরপর পুলিশ মামলা নেয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, জন্মদিনের পার্টির কথা বলে গত ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও তাঁর বন্ধু নাঈম আশরাফ। গত ৮ জুন শাফাত আহমেদ, তাঁর বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। অপর তিনজন আসামি হলেন শাফাতের বন্ধু সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল হোসেন ও তাঁর দেহরক্ষী রহমত আলী। ১৩ জুলাই মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বর্তমানে সব আসামি কারাগারে।
আরও সংবাদ
বিষয়:
ধর্ষণআইন ও বিচার
স্বামীকে ছেড়ে প্রেমিককে বিয়ে, অতঃপর...
স্বামীকে ছেড়ে প্রেমিককে বিয়ে, অতঃপর...
গৃহবধূকে ধর্ষণ, তিনজনের যাবজ্জীবন
গৃহবধূকে ধর্ষণ, তিনজনের যাবজ্জীবন
কৃষক হত্যায় একজনের ফাঁসি
কৃষক হত্যায় একজনের ফাঁসি
রূপা হত্যার রায় ১২ ফেব্রুয়ারি
রূপা হত্যার রায় ১২ ফেব্রুয়ারি