একটি শান্ত সন্ধ্যা, যেখানে আমাদের দুটি আত্মা শান্ত লেকের পাড়ে চুপচাপ বসে আছে। কিন্তু দুজনেই দুজনের বিপরীত দিকে। একেবারেই নিস্তব্ধ। মনে হচ্ছে আমাদের মধ্যে সব কথা শেষ। তখন এতটাই নিস্তব্ধতা ছিল শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিলো। এক অব্যক্ত বেদনা আমাদের দূরত্ব বাড়িয়ে দিয়েছিল। আমরা কেউ কারো সাথে কথা বলছিলাম না। আমি হঠাৎ করেই বলে উঠলাম, যখন থেকে তুমি আমার জীবনে এসেছিলে, বিশ্বাস করো সেই দিনটি ছিল আমার বছরের সেরা দিন। আমি আমার জীবনের দীর্ঘ পথটি তোমার সাথেই শুরু করতে চেয়েছিলাম। আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম সব সুখ-দুঃখ ভাগাভাগি করে নিবো। সবচেয়ে আনন্দের দিন ছিল যখন আমি তোমাকে সরাসরি সামনে থেকে দেখতে পেয়েছিলাম। আমি শুধু তোমার দিকে তাকিয়ে ছিলাম।
তুমি হয়তো জানো আমি খুব বেশি কথা বলি না এবং তোমার মতো এত সুন্দর করে কথা বলতে পারিনা। কিন্তু তোমার সাথে থাকতে থাকতে কয়েক বছরে অনেক উন্নতি হয়েছে। কিন্তু এখনো পুরোপুরি শেখা হয়নি আমার। সেদিন আমার সাথে কি ঘটেছিলো জানো? আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম। আমি যখন সেদিন ভার্সিটিতে গিয়েছিলাম, তখন হঠাৎ করেই পিছন থেকে একটি মেয়ে আমাকে ডাকল। সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি তাকে সাহায্য করতে পারি কিনা। আমি উত্তরে হ্যাঁ বলেছিলাম, তখন মেয়েটি আমাকে অনেক প্রশ্ন করেছিল। তুমি জানো আমি মেয়েদের সাথে কথা বলতে গেলেই খুব ভয় পাই, এলোমেলো ভাবে কথা বলি, গুছিয়ে বলতে পারি না। যার কারণে আমি মেয়েটিকে অফিস রুম দেখিয়ে চলে গিয়েছিলাম।
আমি বলতে বলতে চুপ হয়ে গেলাম, কিন্তু ওপাশ থেকে কোন শব্দ পেলাম না। আমি আবারও তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমার সাথে কথা বলতে সত্যি বিরক্ত হচ্ছো? অবশেষে আমি তার উত্তর পেলাম। সে বললেন হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলতে বিরক্ত হচ্ছি। আর এটা সত্যি। তোমার কথা আমাকে বিরক্ত করে। এমনকি তোমার সম্পর্কে সব কিছুই আমাকে এখন বিরক্ত করে তোলে। তার এমন কথা শুনে আমি দীর্ঘশ্বাস ফেলে আবারো চুপ হয়ে গেলাম। আমার হৃদয় ধরফর করছিল। আমি তাকে আস্তে করে বললাম, ঠিক আছে। কিন্তু তোমার সাথে কথা বলাটাই আমার সবথেকে আনন্দর। আমি যখনই অনেক বেশি ক্লান্ত হয়ে যাই, তখন তোমার সাথে কথা বলি। তখন আমি অনুভব করি আমি বেঁচে আছি। তুমি এটা জানলে অবাক হবে, তুমি যখন আমাকে কষ্ট দেও তখনও তোমার সাথে কথা বললে আমি শান্তি অনুভব করি। কিন্তু সত্যি বলতে আজকের পর থেকে আর বিরক্ত করবো না তোমাকে।
আমি নিজের উপর এখন বিরক্ত। আর তোমাকে বিরক্ত করে আমি লজ্জিত। সত্যি বলতে এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোমাকে আরেকবার শক্ত করে জড়িয়ে ধরতে চাই। কিন্তু তোমার কথাগুলো আমাকে আটকে রেখেছে। সে ওপাশে বসে আমার কথায় আরো বিরক্ত হয়ে উঠলো। যে চোখে ভালোবাসা ছিল, আজ শুধু বিরক্ত প্রকাশ পাচ্ছে। সে আমার জন্য শান্ত থাকতে পারছিল না। সে জানে কিভাবে আমাকে শান্ত করতে হয় কিন্তু এখন চেষ্টা করেনা। সময় ফুরিয়ে গেছে । প্রায় সন্ধা ঘনিয়ে এসেছে । আমি জানতাম সবকিছু আর আগের মত ঠিক হবে না। কিন্তু আমি নিজেকে এক মুহূর্তের জন্যও বদলাতে পারিনি। আমি তাকে তার বাড়িতে রেখে, নিজের বাড়িতে ফিরে এলাম।