সেদিনের মুহুর্তটা অনেক দিন মনে থাকবে। সন্ধার ঢাকা শহরটা সেদিন অসম্ভব মনোমুগ্ধকর হয়ে উঠেছিলো। বেশিদিন মনে থাকবে এই কারনে, তুমি পাশে ছিলে। ঝড়োমেঘ আর বাতাস রাস্তায় পড়ে থাকা পলিকাগজ গুলোকে উড়াচ্ছিলো, আমার তখন বেশ ভালো লাগছিলো, কারন তখনো তুমি আমার পাশে বসে ছিলে। আমাদের রিকশা একটা সরু গলি দিয়ে নিয়ে যাচ্ছিলো, বাতাসও আমাদের অনুসরণ করছিলো। ঠান্ডা বাতাসে আমার মন শীতল হয়ে উঠেছিলো, আমার শান্তি লাগছিলো কারন তুমি আমার পাশেই ছিলে।
চলতে চলতে ট্রাফিক জ্যামে আটকে পড়লাম, উচু বিল্ডিং গুলোর দিকে তাকিয়ে যখন স্বপ্ন বুনতে ছিলাম আমার ভীষন ভালো লাগছিলো, বিরক্তিকর ট্রাফিক জ্যাম আর্শীবাদে পরিনত হয়েছিলো। আমি মনে মনে চাচ্ছিলাম থাকুক আরো কিছুক্ষন এভাবে। আমাদের রিকশার পাশে বিলাসবহুল গাড়ি দাড়ানো দেখে তুমি যখন বলে উঠলে আমরাও এমন একটি গাড়ি কিনবো, আমি আত্মবিশ্বাস পেয়েছিলাম। আকাশ তখন মেঘলা ছিলো, তোমার তারাতাড়ি বাড়ি যেতে হবে, নইলে বৃষ্টি শুরু হলে আরেক ঝামেলায় পড়তে হবে। কিন্তু আমি চাচ্ছিলাম তুমি আরো কিছুক্ষন থেকে যাও আমার সাথে এভাবেই।
যখন আমরা প্রথম গন্তব্যে পৌছালাম আমার সত্যি রিকশায় তোমায় একা ফেলে নামতে ইচ্ছে করেনি, চাইনি নামতে আমি কিন্তু নামতে তো হতোই, তাই না? নেমে তোমায় পিছনে ফেলে আগাচ্ছিলাম আমি, তুমি ট্রাফিক ছাড়লেই চলে যাবা, যখন তখন সবুজ বাতি জ্বলবে। আমি চাইনি পিছন ফিরে তোমায় দেখে পিছুটান শক্ত হোক কিন্তু তবুও তাকিয়েছিলাম পিছন ফিরে, আমি ততক্ষণ ওখানে ছিলাম যতক্ষন তোমায় দুর থেকো দেখা যাচ্ছিলো। সেদিন বেগুনি রঙের ড্রেস টা পড়ে ছিলে তাই না! ওটা আমার অনেক পছন্দের। তুমি সব সময় আমার পছন্দের ড্রেস পরেই বের হও, যদি আমি সব সময় তোমার সৌন্দর্যের প্রশংসা করি না, কিন্তু অনেক সুন্দর, হয়তো বুঝতে পারো তুমি যখন আমি তোমার দিকে অপলকে তাকিয়ে থাকি। বুঝে নিয়ো! সব সময় বলা হয় না। কিন্তু বুঝে নিয়ো তুমি আমার চোখে সবচেয়ে সুন্দর নারী।
আমার এখন এই লম্বা রাস্তা একা যেতে হবে ভাবতেই বিরক্ত লাগছে। রিকশা ওয়ালাকে জিজ্ঞেস করার সাথেই উঠে বসতে বললো, আমিও উঠে বসলাম ভাড়া নির্দিষ্ট না করেই। তুমি সতর্ক করে দিয়েছিলে আমি যেন রিকশায় উঠার আগেই ভাড়া মিটিয়ে তারপর উঠি কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। যাকগে!! রিকশা চলতে ছিলো, আমি মন খারাপ করে অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম, কোথেকে এক গাড়ি রিকশার সামনে এসে দাড়ালো, রিকশা ওয়ালা মামা নিয়ন্ত্রণ করে না পেলে গাড়ির সাথে লাগিয়ে দিয়েছিলো, আমিও ধপাস করে আঁচড়ে পড়লাম। তোমার কথা শুনলে হয়তো আমি অন্যমনস্ক থাকতাম না, পড়েও যেতাম না। তুমি সব সময় বলতে রিকশায় উঠলে যেন শক্ত করে ধরে বসি কিন্তু তুমি সব সময় আমার পাশে থাকলেই পারো তাই না? তাহলেই তো আমাকে সতর্ক থাকতে হয় না। তুমি থাকলে আমার চারিপাশ এমনিতেই রঙিন থাকে। কেন থাকো না বলো'তো? থেকে গেলেই পারো কিন্তু।
তোমায় ফেলে রেখে চলে এসেছি আবার সেই নিত্যকার জীবনে, প্রায় ২০০ কিলোমিটার দুরে। আবার কোন একদিন ভোর রাতে উঠে রওনা দিবো শুধু তোমার শহরের উদ্দেশ্যে, শুধু আমাদের শহরের উদ্দেশ্যে।