Describe your para || সেকাল ও একাল

Words
385
Reading
2 min
Listen
Play
6y

জীবনের তিনটা পরিবর্তনের স্বাক্ষী এই মহল্লা , সেই হাফপ্যান্ট থেকে শুরু করে ফুলপ্যান্ট পরা এবং অবশেষে বিয়ে । একই এলাকাতে কেটে দিলাম শৈশব ও কৈশোর । বর্তমান জীবনেও আছি একই জায়গায় । আজ এই মহল্লা নিয়ে লিখছি , ভাবতেই যেন কেমন কেমন লাগছে !


বাড়ির সামনের মোখলেস ভাইয়ের দোকান থেকে শুরু করে একদম মহল্লার শেষ মাথায় ঝিলের পাড় অব্দি যেন পুরোটাই আমার মুখস্থ । এই তল্লাটে কার বাড়িতে কয়টা লোক আছে,কার হাড়িতে কি রান্না হচ্ছে এবং কার বাড়িতে কি সমস্যা চলছে ! সব যেন আমার নখদর্পণে থাকতো । মশাই, এই মহল্লাতে আমার নাড়ি পোঁতা আছে । মাটির গন্ধ শুঁকে বড় হয়েছি, কিভাবে কি করতে হয় তা ভালোই জানা আছে ।
মোখলেস ভাইয়ের দাড়ি পেঁকে গেছে তো কি হয়েছে সম্পর্কটা কিন্তু তার সাথে এখনো আগের মতোই আছে । ভাইয়ের দোকান থেকে আগে চকলেট কিনতাম আর এখন কিনি সিগারেট তফাৎ শুধু এতোটুকুই । বৃষ্টি হলে এখন আর জলাবদ্ধতা থাকেনা । আশেপাশে সব কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে গিয়েছে। জলাবদ্ধতার খোঁজ নেওয়ার সময় নেই এখন কারো হাতে , সবাই এখন কংক্রিটে বিশ্বাসী মশাই । কোদাল কাস্তে তো অনেক আগেই বিক্রি করে দিয়েছে ।
যেই মাঠটাতে দিনের-পর-দিন আড্ডা দিতাম, সেই মাঠে এখন এক মস্ত বড় দালান হয়েছে ।সেখানে আবার গাড়ি পার্কিং করার সুবিধাও আছে । মহল্লার লোক গুলো দিনদিন পঙ্গু হয়ে গিয়েছে, সব শালা এখন গাড়ি নিয়ে ছোটাছুটি করে। শারীরিক ব্যায়াম আর কেউ করে না বললেই চলে । চতুর্দিকে শুধু এখন পরিবর্তন আর পরিবর্তন । অসহ্য এক প্রতিযোগিতা , ফুটানি দেখতে দেখতে আমি প্রায় সন্দিহান ।
কই, কবছর আগেও তো সবকিছু ঠিক ছিল । তখনতো এতো লম্ফঝম্প ছিল না । সবার কি এমন হইলো, যে কেউ কারো খোঁজ নেওয়ার সময় পায়না । নাকি মশাই ব্যস্ততার অজুহাত দেখাও ! নিজের বাল বাচ্চাকে মহল্লার খাঁটি গন্ধ একটু নিতে দে , চেষ্টা কর মোবাইল নামক যন্ত্র থেকে তোর বাচ্চাকে দূরে রাখার। তুই তো বুড়ো বয়সে বেকুব হয়েছিস , তোর ভবিষ্যৎটাকে এখনি বেকুব বানাস নাহ্ !
ঝিলটাকে ভরাট করার চেষ্টা করছিস,তুই না মহল্লার কমিশনার ! শৈশবের স্মৃতি গুলো ধরে রাখার চেষ্টা করলি নাহ্, শেষমেষ ঝিলটার দিকে নজর দিলি ! তোরা পারিসও বটে, এলাকার উন্নয়ন উন্নয়ন বলে এলাকাটাকে একদম হজম করে ফেললি !
এই কংক্রিটের জঙ্গলে এখন আমার আর ঘুম হয় না । আমি এখনও টিনের চালে বৃষ্টির শব্দে ঘুমোতে চাই । তোর ওই ঝিলের উপরে শপিংমল বানানোর স্বপ্নে আমি আবির্ভূত হতে চাইনা ! আমি এখনো ঐ ঝিলের পানিতে কোন এক বর্ষায় গা ভাসাতে চাই ।।20200520_23415601.jpeg

Describe your para || সেকাল ও একাল | Ecency