কৃতজ্ঞতা তার প্রতি
একজন মানুষ অন্য মানুষের উপর বা কোনো বিষয়ের উপর কৃতজ্ঞ হয় তখনই যখন ঐ বিষয়টা তার সুখ বা আনন্দের কারণ হয়ে দাঁড়ায়।জীবনের প্রতিটা ক্ষণে বয়ে আসা সুখ এবং তার বহনকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কিছু লিখতে চাইলে একের পর এক খাতার কাগজ আর কলমের কালি নিঃশেষ হতে থাকবে।সুতরাং বাধ্য হয়ে অন্যসব সুখ বহনকারীর প্রতি ক্ষমা প্রার্থনা করে এক বহনকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হচ্ছে।
ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না।কিন্তু আমি যার প্রতি কৃতজ্ঞ সে আমার জীবনের প্রতিটা বিষয়ে ভবিষ্যৎ কি হবে তা বলে দিতে পারে অনায়েসে।ভবিষ্যতে কি হবে তা জানতে পারলে অনেক কিছুই সহজ হয়ে যায়।হয়তো আমি কোনো বিষয়ে কষ্ট পাচ্ছি,এই কষ্টের পরিণতি আর কয়েকটাদিন পর কি হবে,তা সে বলে দেয় দৃঢ় প্রত্যয়ে।কিছুদিন পর দেখি তার কথা হুবহু মিলেছে প্রতিটা বিন্দুতে।
আমি কোনো একটা কিছু চাচ্ছি,ভবিষ্যতে এই চাওয়ার পরিণতি কি হবে,সেটা পাবো কি পাবো না বা কিছুদিন পর চাওয়াটা থাকবে কিনা তাও সে বলে দেয়।
ভবিষ্যতে আমার মন পৃথিবীর গতিপথের কোন রেখাতে, কিভাবে বিচলন করবে তার প্রতিটা পদক্ষেপের ভবিষ্যদ্বাণী করতে পারে সে।
তার এই ভবিষ্যদ্বাণীকে মিথ্যা প্রমাণ করার জন্য আমি অনেক চেষ্টা করেছি।তার ভবিষ্যদ্বাণীর বিরুদ্ধে মনকে পরচালিত করার জোর চেষ্টা চালিয়েছি,কিন্তু কাজ হয় নি,দিনশেষে তার কথাই সত্য হিসাবে প্রতীয়মাণ হয়েছে।
তাকে কি কোনো গণক বলে মনে হচ্ছ?না না সে কোনো গণক নয়।সে আমার বোন।আমার থেকে দশবছরের বড়।তার বিশ্বাস আমি নাকি সবকিছুতেই তার মতো,তাই তার জীবনে যা ঘটেছে বা তার মন যেদিকে পরিচালিত হয়েছে সবই নাকি আমার জীবনেও ঘটবে।এই বিশ্বাসের উপর ভিত্তি করেই সে আমার জীবনের প্রতিটা বিষয়ের ভবিষ্যদ্বাণী করে যাচ্ছে প্রতিনিয়ত আর যেহেতু তার কথা আলৌকিকভাবে ফলে যাই,তাই কোনো কিছু ঘটার পূর্ব থেকেই আমি সতর্ক হয়ে,প্রস্তুতি নিয়ে রাখি,আর যখন সেটা ঘটে তখন বেপারটা আমার জন্য অনেক সহজ হয়ে যায়।
এভাবে আমার জীবনের চলার পথটাকে এমন সহজ করে দেওয়ার জন্য তার প্রতি আমি চিরকৃতজ্ঞ।