মনের ব্যাধিঃহিংসা এবং ঘৃণা

Words
626
Reading
3 min
Listen
Play
4y

মানুষ জীবনে চলার পথে অনেক ভুল,অন্যায় করে থাকে।এসব অন্যায়গুলো বেশিরভাগ ক্ষেত্রে অন্য মানুষের সাথে সম্পর্কিত থাকে।হয়তো কারো প্রতি সে অবিচার করেছে,হয়তোবা কারো প্রতি জুলুম করেছে,এমন হতে পারে অন্যের সম্পদ,অন্যের প্রাপ্য নিজে অন্যায়ভাবে ভক্ষণ করেছে।এসব অন্যায়ের নাম দিয়েছে মানুষ চুরি,ডাকাতি,ছিনতাই,রাহাজানি,সুদ,ঘুষ এমন আরও অনেক কিছু।আবার কিছু অন্যায় আছে যা অন্য মানুষের স্বাধীনতাকে খর্ব করা,অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করার মাধ্যমে করা হয়।এ অন্যায়ের নাম খুন-খারাবি,ধর্ষণ ইত্যাদি।এই যে এতো সব অন্যায়-অত্যাচার এ সবই মানুষ অন্যকে কষ্ট দেওয়ার মাধ্যমে করে থাকে।কিন্তু এমন কিছু অন্যায় আছে যা মানুষ অন্যের প্রতি করেতো ঠিকই,কিন্তু কষ্ট ভোগ করে নিজে।এর মধ্যে দুটি অন্যায় হচ্ছে হিংসা আর ঘৃণা।

হিংসা এমন একটি অন্যায় যা মানুষ অন্যের প্রতি করে থাকে।কাউকে খুন করার মতোই অপরাধ,মানে মনে মনে হয়তো হিংসাই কল্পনাতে কাউকে সে খুন করেই ফেলেছে।কিন্তু এই হিংসা করে কেউ অন্যের কোনো ক্ষতি করতে পারে না,বরং নিজের ক্ষতি করে।সে যাকে হিংসা করছে,সে হয়তোবা জানতেও পারছে না তাকে কেউ হিংসা করছে।কিন্তু যে হিংসা করছে সে নিজে জ্বলেপুড়ে মরছে আর ভাবছে,ঐ ব্যক্তি এতো কিছু অর্জন করে ফেলছে,আমি কিছুই করতে পারলাম না।ঐ ব্যক্তির এতো এতো টাকা আমার কিছুই নেই,ঐ ব্যক্তি এতো সম্পদের মালিক আমার প্রাপ্তি শূন্য ।ঐ ব্যক্তি এতো বড় বড় ডিগ্রি অর্জন করেছে,আমি করতে পারলাম না।এইসব ভাবনা তাকে খুঁড়ে খুঁড়ে খায়।সে যাদের প্রতি এইরকম হিংসা করছে তাদেরতো কোনো ক্ষতি হচ্ছে না,কিন্তু নিজের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে।এইজন্য এই হিংসা একটা অন্যায়,পাপকাজ হলেও এতে নিজের ক্ষতি হয় অন্যের না।

এইরকম আরেকটা পাপকাজ আছে যা অন্যের প্রতি করা হয়,কিন্তু ক্ষতি হয় নিজের।আর তা হচ্ছে ঘৃণা।কোনো ব্যক্তি অন্যকে ঘৃণা করে আর ভাবে এই ঘৃণার আগুনে তাকে ভস্ম করে দেওয়া যাচ্ছে।কিন্তু বাস্তবেতো নিজে ভস্ম হচ্ছে।তার কোনো কাজে মন বসে না,অন্যের চিন্তা মাথায়।কোনো ব্যক্তি যদি অন্যকে ঘৃণা করে,তার এমন মনে হয়,তার সেই শত্রুর যাতে ক্ষতি হয়,তার সাথে যাতে খারাপ কিছু হয়,মাথায় এসব চিন্তা ঘুরতে থাকে।এসব খারাপ চিন্তা তাকে কখনওই শান্তি দিতে পারবে না বা তার শত্রুকে বিন্দুমাত্র কষ্ট দিতে পারবে না।সে হয়তো রাতে না ঘুমিয়ে, সে যাকে ঘৃণা করে তার বা তার শত্রুর অমঙ্গল কামনা করছে,আর ঐদিকে তার শত্রু নাকে তেল দিয়ে আরামে ঘুমুচ্ছে।

হিংসা-বিদ্বেষ,ঘৃণা এমনই পাপ যা নিজের শান্তি কেড়ে নেয়,যদিও সে চাচ্ছে তার শত্রুর প্রতি এমনটা হোক।কিন্তু সেটা না হয়ে নিজের প্রতিই হয়।কিন্তু কোনো ব্যক্তি যদি মনে এইধরনের ভাবনা না রাখে।কারো প্রতি কোনো হিংসা না রাখে,মনে কোনো ঘৃণা না রাখে তাহলে সে নিজে শান্তিতে থাকতে পারবে।তার হয়তো কারো সাথে প্রতিযোগিতা থাকতে পারে,সে প্রতিযোগিতায় হেরে গেলো,তার প্রতিদ্বন্দ্বী তার চেয়ে অনেকগুণ বেশি কিছু অর্জন করে ফেললো,তারপরও সে যদি তাকে হিংসা না করে,বরং এটা ভাবে যে,"তার এটা প্রাপ্য ছিলো,তাই সে এটা পেয়েছে,আমার জন্য হয়তো অন্য জায়গায় ভালো কিছু আছে,তাই আমি এটা পাইনি,পরবর্তীতে হয়তো আমিও ভালো কিছু পাবো"।এই চিন্তা করে যদি সে বসে থাকে,তাহলে এই অপ্রাপ্তি তার মনে কোনো কষ্ট দিবে না।হিংসার আগুনে সে জ্বলবেও না।

কেউ হয়তো আমার প্রতি অন্যায় করেছে,আমার প্রতি জুুলুম করেছে।তো আমি সেই ব্যক্তির প্রতি মনের মধ্যে ঘৃণা পোষণ করে তাকে যদি লানত দিতে থাকি,তার অমঙ্গল কামনা করতে থাকি।তার ধ্বংস হোক সেটা চাইতে থাকি।তাহলে আমার নিজের মনের শান্তি ধ্বংস হয়ে যাবে।এখন এমন যদি হয়,যে আমার প্রতি অন্যায় করেছে,তাকে মনে মনে আমি ক্ষমা করে দিলাম।তার প্রতি মনে কোনো খারাপ ধারণা পোষণ করলাম না।এটা ভেবে বসে থাকলাম যে,আমার প্রতি যা অন্যায় করেছে তার শাস্তি সে কোনো না কোনোভাবে পাবেই।অথবা যদি বেশি অন্যায় করে থাকে তাহলে তাকে বিচারের আওতায় আনার চেষ্টা করা যেতে পারে,কিন্তু নিজের মনে সেই অন্যায়কারীর প্রতি কোনো বিদ্বেষ পোষণ করে রাখা ঠিক নয়,কারণ এতে সেই অন্যায়কারীর কোনো ক্ষতি হয় না,বরং নিজের মনের শান্তিতে ব্যাঘাত ঘটে।আমার মনের ঘৃণা যদি তার কোনো ক্ষতি করতে পারতো,তাহলে হয়তো সেই ঘৃণা করে লাভ হতো।কিন্তু যা অন্যায়কারীর কোনো ক্ষতি করতে পারছে না সেই ঘৃণা মনে পোষণ করে কি লাভ!হ্যাঁ তবে সেই অন্যায়কারীর করা অন্যায়কে ঘৃণা করতে হবে,এবং তাকে ভালো হওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে,কিংবা তার প্রাপ্য শাস্তি কিভাবে তাকে দেওয়া যায় সেই পদক্ষেপ নেওয়া যেতে পারে। কিন্তু মনের মধ্যে কিছুতেই ঘৃণা পোষন করে রাখা যাবে না।

আমাদের মন যাতে ঘৃণা আর হিংসা মুক্ত থাকে এই কামনা।তাহলেই আমরা শান্তিতে কাটাতে পারবো জীবনের প্রতিটা মুহূর্ত।

business-competitor-big-scissors-his-hands-intends-to-cut-rope-along-which-businessman-goes-trophy-concept-envy-101489756.jpg

মনের ব্যাধিঃহিংসা এবং ঘৃণা | Ecency