এলোমেলো চিন্তা!

Words
541
Reading
3 min
Listen
Play
4y

আমি সব সময় নিজের মধ্যে কিছু সমন্বয় অনুভব করি। সেটা হচ্ছে নিজের আত্মতৃপ্তি, আমার পরিবারের প্রতি দায়িত্ব, অর্থের প্রয়োজন, স্বপ্নপূরণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা। আমরা বড় হওয়ার সাথে সাথে এই জিনিসগুলো আমাদের মধ্যে একাই চলে আসে। আমরা বিভিন্ন জিনিসের প্রয়োজন অনুভব করতে থাকি। আর সেটার সাথে আমাদের ইচ্ছা শক্তি বাড়ে আর নিজের আত্মতৃপ্তির প্রয়োজন হয়। আমি মনে করি আমাদের বড় হওয়ার সাথে সাথে এই সবকিছুই বড় হতে থাকে। আমি বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা করেছি। বিভিন্ন ধরনের মানুষ, জীবনের সংজ্ঞা নিজের মতো করে প্রকাশ করেছে। আমি অনেককে অল্প কিছুতেই খুশি হতে দেখেছি। আবার এমন কাউকে দেখেছি যার কোন কিছুর অভাব নেই, কিন্তু তার মুখে হাসি নেই।

আমি এমন মানুষও দেখেছি যারা নিজের চাহিদা মেটাতে না পেরেও জীবন নিয়ে খুশি থাকে, আবার এমন কাউকে দেখেছি যারা নিজের চাহিদা পূরণ করেও খুশির মুহূর্ত খুঁজে পায়না। আমি মধ্যবিত্তের ঘরে জ্বলজ্বল করে খুশির আলো জ্বলতে দেখেছি আবার আমি এটাও দেখেছি কাচের গাড়িতে বসে সুখ খুঁজতে। আমি একটুতেই মানুষকে হতাশ হতে দেখেছি, আবার এমন কাউকে দেখেছি হাজারো জীবন যুদ্ধে নিজেকে পাহাড়ের মতো দাঁড়িয়ে রেখেছে। আমি এমন মানুষ দেখেছি যারা জীবনের গুরুত্বপূর্ণ অংশগুলোকে উপেক্ষা করেছে, আবার এমন কাউকে দেখেছি যারা জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে আনন্দ হিসেবে গ্রহণ করেছে। অনেকেই রয়েছে যারা পুরো জীবন শুধু জীবনের সৌন্দর্য খুঁজতে ব্যস্ত রয়েছে, কিন্তু সে সুন্দর্য যে ঘরের কোণে ছিল সেটা দেখার জন্য সময় ছিল না।

আমি এমন মানুষ দেখেছি যারা নিজের ব্যর্থতা লুকানোর জন্য নিজেকে শেষ করেছে, আবার এমন মানুষ কেউ দেখেছি যারা নিজের ব্যর্থতাকে সফলতায় রূপান্তর করেছে। আমি হাজার রঙের মানুষ দেখেছি, যারা প্রতিনিয়ত নিজেকে নতুন রঙে সজ্জিত করতে ব্যস্ত রয়েছে। আমরা প্রতিনিয়ত জীবনের একটি অংশের দিকে মনোযোগী হই। সেটা হল অর্থ উপার্জন করা। আমরা বারবার একি কাজ করি এবং বারবার একই ভুলের দিকে যাই। তাই হয়তো জীবনের আসল সৌন্দর্য টা শেষ বয়সে আর খুঁজে পাওয়া হয়না। আমার একজন বন্ধু ছিল, যে সব সময় নিজের জীবনের সকল ছোট ছোট জিনিস গুলো কে আনন্দ মনে করতো। শুধু তাই নয় সে প্রাণ ভরে সেগুলোকে উপভোগ করত। সব সময় বলতো ভবিষ্যতে কি হবে আর আমরা কোথায় যাব সেটা ভাবলে তো জীবন উপভোগ করা যাবে না। তাই তোর কাছে এখন যা রয়েছে সেটাকে প্রাণভরে উপভোগ কর। এটাই তো জীবনের সৌন্দর্য।

বন্ধুদের সাথে আড্ডা, ঝুম বৃষ্টি, গৃষ্ম কালে আম কুড়ানো, মায়ের হাতের পায়েস এগুলো যেন ওর জীবনের সবথেকে আনন্দের বিষয় ছিল। আমিও অবাক হতাম, জীবন কি এভাবেই চলবে? আরেক বন্ধু আমায় সব সময় বলতো আমার অনেক অর্থের প্রয়োজন। আমি জীবনের সর্বোচ্চ সফলতার সীমানায় যেতে চাই। আমি আমার লক্ষ্য অর্জনের জন্য যেকোন কিছু করতে পারি। আমি কিন্তু তার কথাতেই সব সময় সমর্থন করতাম। সব সময় তার মতোই ভাবতাম। যে জীবনে অবশ্যই কিছু না কিছু করা প্রয়োজন। জীবনের ছোট ছোট খুশি গুলোর দিকে খেয়াল করতে গেলে হয়তো বড় খুশি আর খুঁজে পাওয়া যাবে না। অবশ্যই জীবনের লক্ষ্য থাকা ভালো। তাতে আমাদের নিজস্ব একটি গন্তব্য থাকে, নিজস্ব একটি পথ তৈরি করার ক্ষমতা তৈরি হয়।

আমরা সবাই একটি সুখী এবং শান্তিপূর্ণ জীবন চাই। আমরা চাই জীবনের প্রতিটি অধ্যায় রঙিন হোক। আমরা চাই জীবন এমন হোক যখন আমরা অতীতের কথা মনে করব তখন আমাদের মুখে হাসি ফুটবে। অনেক রকম মানুষ হলেও তাদের চাহিদা চিন্তাভাবনা সবার প্রায় একই রকম। আমরা সবাই একটি জায়গায় আটকে থাকি আর সেটা হলো অর্থ। মাঝেমধ্যে আমাদের জীবনের লক্ষ্য গুলো আমাদের সুখ থেকে দূরে সরিয়ে দেয়। কিছু মানুষের সুখ পাওয়ার কোন পরিমাণ থাকে না। তাদের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা এবং সীমাহীন চাওয়া থাকে, যেগুলো কখনো শেষ হয় না।

Picsart_22-05-27_01-03-40-408.jpg

এলোমেলো চিন্তা! | Ecency