নদী, নালা, খাল, বিল, দীঘি-পুকুর, সাগর, মোহনা সমৃদ্ধ আমাদের এ বাংলাদেশ। মৎস্য সম্পদ এদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ। এ সম্পদ দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবেশকে দূষণের হাত থেকেও রক্ষা করে এ সম্পদ। এছাড়াও জাতীয় আয়ের ৫.২৩ এবং রপ্তানি আয়ের ৪.৭৬ শতাংশ আসে মৎস্য সম্পদ থেকে। আমাদের দৈনিক খাদ্য তালিকায় প্রাণিজ আমিষ অত্যন্ত প্রয়োজন। বর্তমানে যে পরিমাণ প্রাণিজ আমিষ গ্রহণ করা হয় তার ৬৩% শতাংশ মাছ থেকে আসে। দেশে রয়েছে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, বদ্ধ জলাশয় এবং সামুদ্রিক এলাকা। অভ্যন্তরীণ মুক্ত ও বদ্ধ জলাশয়ে স্বাদু পানির মাছ ও সামুদ্রিক এলাকায় লোনা পানির মাছ পাওয়া যায়। এদেশে প্রায় ২৬০ প্রজাতির স্বাদু পানির এবং ৪৭৫ প্রজাতির সামুদ্রিক লোনা পানির মাছ আছে। এ প্রজাতিগুলোর মধ্যে বেশির ভাগ প্রাকৃতিক পরিবেশে উৎপাদিত হয়। তবে কিছু সংখ্যক প্রজাতি চাষোপযোগী। দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা, কলাকৌশল উন্নয়ন ও গবেষণায় উদ্ভাবিত বিষয় সম্পর্কে বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রদান করা হচ্ছে।