প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সকলে ভালো আছেন।
আজ শুভ নববর্ষ। তাই আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই বছর যেন সবার ভালো কাটে, গোটা পৃথিবী যেন সুস্থ হয়ে ওঠে।
আজ নতুন বছরের সাথে সাথে শুভর জন্মদিনও। সকালে উঠে সব বাসি কাজ সেরে প্রথমেই যেই কাজ করা হয় সেটা হলো ঠাকুর পুজো। আজ অবশ্য মা পুজোর দিক সামলালো। রান্নার দিকটায় গেলাম আমি।
শুভর জন্য অবশ্য পায়েসটা মা ই রান্না করেছে। আসলে শুভ চিনির পায়েস খায় না,তাই মা শীতকালে কেনা খেঁজুরের গুঁড় এর পাটালি থেকে কিছুটা গুঁড় রেখে দেয় প্রতিবার। কারণএইসময় খেঁজুরের গুঁড় পাওয়া যায় না। তাই ওই গুঁড় দিয়েই জন্মদিনের দিন মা পায়েস করে।
আমি রান্না করেছি ফ্রাইড রাইস, চিকেন কষা,পনীর, আর বেগুনী। সাথে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। ওর দুজন বন্ধুও এসেছিল।আর আমারা ও আমার ননদরা। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে শুয়ে শুয়ে গল্প করলাম কিছুক্ষণ।
এখন সন্ধ্যা হয়ে এসেছে, আবার সন্ধ্যা পুজো দিতে হবে। সারাদিন বেশ কষ্ট হয়েছে, আসলে গরমটা পড়েছে খুব। তাই না রান্না করে শান্তি না খেয়ে।
যাইহোক দিনটা ভালোই কাটলো। শুভর বয়েস বেড়ে গেলো একটা বছর। দিনের পর দিন,বছরের পর বছর কেটে যায় এই ভাবেই। আর আমাদেরও বয়েস বাড়তে থাকে।
প্রার্থনা একটাই শুভ যেন ভালো থাকে, সুস্থ থাকে।প্রতিদিন কাজের জন্য ওর মত অনেককে বেরোতে হয়।চারিদিকে যে অবস্থা,তাতে একটাই চাওয়া আমাদের প্রত্যেকের,খুব তাড়াতাড়ি যেন সবটা ঠিক হয়ে যায়। আমরা যেন সবাই আগের মতন সুস্থ ভাবে বাঁচতে পারি।
আপনারাও ওকে আশীর্বাদ করবেন। ভালো থাকবেন। নতুন বছরের প্রত্যেকটা দিন ভালো কাটুক আপনাদের।শুভ সন্ধ্যা।