মহারাজ-
প্রিয়,
পাঠকগণ,
কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভালো আছেন।
আজকে আমি শেয়ার করবো আমাদের পিকলুর দুষ্টুমির গল্প। পিকলু কে আমি "পিকলু মহারাজ" বলে ডাকি, কারণ তার হাবভাব অনেকটা মহারাজের মতন। তার সাথে জোরে কথা বলা যাবে না, তাকে বকা যাবে না। মানে তার মর্জি মতন আমাদের চলতে হবে,তাঁর সামনে কিছু খাওয়া যাবে না, তাহলে হ্যাংলার মতন তাকিয়ে থাকবে। যতক্ষণ না তাকে খেতে দেওয়া হচ্ছে।
কাল রাতে সে কিছুতেই ঘুমাতে যাবে না। যতবার তাকে খাঁচার সামনে নিয়ে যাওয়া হচ্ছে ততবার সে মুখ ঘুড়িয়ে চলে আসছে। আসলে রোজ সন্ধ্যাবেলা তাকে আমি আদর করি, পুরো শরীর ব্রাশ করে দেই, কিন্তু কাল করা হয়নি। একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে, তাই তাঁর ভীষণ রাগ হয়েছিল আমার উপর। রাতে খাওয়া দাওয়ার পর আমরাও শুতে যাবো,তখন শুভ তাকে ডেকেছে, এক দৌড়ে সে সোজা বিছানার সামনে।
মশারি টানানো ছিলো প্রথমে বুঝতে পারেনি, খাটে উঠতে গিয়ে মশারিতে বেঁধে খাট থেকে নিচে পরে গেল, কিন্তু তাতে কি, সে ঝাপাঝাপি করতে শুরু করল, শুভ শেষ পর্যন্ত তাকে বিছানায় তুললো। ব্যস তিনি ভীষণ খুশী, গোটা খাট ঘুরে বেড়াতে ব্যস্ত, কিছুতেই নামবে না। গায়ের ওপর উঠে সে কি খেলা তার। তবে মজার বিষয়, সে কিছুতেই আমাকে আর শুভকে পাশপাশি শুতে দেবে না। সে আমাদের মাঝখানেই শোবে। যতবার ওকে সরিয়ে আমরা শুতে যাচ্ছি ততবার সে তেড়ে তেড়ে আমাদের কামড়াতে আসছে, যেই সরে যাচ্ছি ব্যস তিনি মাঝখানে শুয়ে পড়ছে। এই নিয়ে অনেকক্ষণ মজা চললো আমাদের।
(মশারির ভেতরে দুষ্টুমি চলছে)-
তারপর তাকে অনেক আদর করে, কোলে নিয়ে খাঁচায় শুইয়ে দিয়ে তবে আমি শুতে গেলাম। এমনই হয় এরা, বড্ড আদুরে। মুখে বলতে না পারলেও সবটা বোঝে। আর আমি সত্যি আগে কুকুর ভীষণ ভয় পেতাম তবে এখন যেন সবটা পাল্টে গেছে। আমি কোথাও গেলে সারাক্ষণ ও গেটের সামনে অপেক্ষা করে, আমি ফিরলেই তার কি আনন্দ। ও ভীষণ ভালবাসে আমায়, আর আজ আমিও বলতে পারি আমিও খুব ভালোবাসি ওকে।
মানুষকে ভালোবাসলে অনেক সময় সেই ভালোবাসার দাম পাওয়া যায়না। তবে এঁদের ভালোবাসলে সেটা কোনোদিন বিফলে যায়না। এই কথাটা যে কতখানি সত্যি সেটা পিকলু আমার জীবনে না এলে আমি বুঝতে পারতাম না।কি অদ্ভুত ভাবে আমার কোনো কারনে মন খারাপ হলে ও চুপ করে আমার কোলে এসে বসে পরে, তখন একটুও দুষ্টুমি করে না, ওকে জড়িয়ে ধরলে ও দুহাত কাধেঁর ওপর দিয়ে উঠে দাঁড়ায়। যেন সবটা বুঝতে পারে। এমন ভাবেই চলছে আমাদের দিন।
(চুপটি করে আমার কোলে)-
আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।