পাশের বাড়িতে বিয়ে। আজ গায়ে হলুদ। সন্ধ্যা থেকেই পুরো এলাকায় উৎসব উৎসব আমেজ৷ কনের পিতা সার সাধ্যের মাঝে সবকিছু উজার করে দিচ্ছেন। বিশাল বড় দুই সাউন্ডবক্স থেকে ভেসে আসছে পরিচিত ও অপরিচিত নানা ধরনের গান৷ বাড়ির সামনের উঠানে প্যান্ডেল টানিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চের একপাশে সদ্য হলুদ মাখিয়ে দেয়া কনে চুপচাপ বসে আছে৷ আর তার সামনে গানের তালে তালে নেঁচে যাচ্ছে কয়েকজন অল্পবয়সী তরুনী। কনের বান্ধবী হবে হয়তো৷
(Source: Pixabay)
কিছুক্ষণ চুপচাপ বসে ছিলাম সেখানে। সবার মুখে আজ অন্যরকম এক আনন্দের ছোয়া। এত আয়োজন আর অনুষ্ঠানের মাঝে সবকিছুই অন্যরকম মনে হয়। বেশ কিছুক্ষণ সেখানে থেকে আমি বের হয়ে আসি। আমাদের বাসায়ও এলাকার বেশ কয়েকজন মানুষ এসেছেন৷ সবাই নিজেদের মতো করে আড্ডা আর মজা করছেন। আমি বাসায় না গিয়ে পাশের পুকুরঘাটে গিয়ে বসলাম।
পুকুর ঘাটে কনের বাবা চুপচাপ বসে সিগারেট ফুঁকছিলেন। আশেপাশে অন্য কেউ ছিল না। চাঁদের হালকা আলোয় শুধু অবয়ব বুঝা যাচ্ছে। টুকটাক কথাবার্তা হল। মেয়ের বিয়ে বলে কথা, অন্যদের তুলনায় উনার আনন্দ মোটেও কম না৷ কিন্তু তবুও উনার কথায় তীব্র এক বিস্বাদের ছোয়া মিশে ছিল৷ শেষের দিকে গলাটা কেমন যেন বার বার ভেঙ্গে যাচ্ছিল। এই ভেঙ্গে যাওয়া কন্ঠ আমার চেনা৷ নিজের কষ্টগুলো আড়াল করার বৃথা চেষ্টা। প্রথমে কিছুটা অবাক হয়েছিলাম। কিন্তু একটু পরে মনে হল, এইটাই তো স্বাভাবিক!
জন্মের পর থেকে এত এত যত্ন আর ভালবাসায় যেই ছোট্ট শিশুটিকে তিনি আজ এত বড় করেছেন, কাল থেকে সেই শিশুটা আর তার নিজের কাছে থাকবে না। শিশু বললাম এই কারণে যে পিতা মাতার কাছে তাদের সন্তানেরা সবসময় শিশু৷ যার একটুকু কষ্টে পিতা মাতা অস্থির হয়ে উঠেন৷
কী নিদারুন ব্যাথা! সবাই আনন্দ করছে। আর পিতা নিরবে নিভৃত্বে একা বসে আছেন উদাস দৃষ্টিতে৷ চোখও হয়তো খানিকটা ঝাপসা হয়ে আছে। চাঁদের হালকা আলোতে তা দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব করা যাচ্ছে না৷ আমি বেশিক্ষণ সেখানে থাকতে পারি নি৷ কাজের দোহাই দিয়ে একটু পরেই উঠে চলে এসেছি৷ মাঝে মাঝে মানুষের সঙ্গ ভাল লাগে না। একা থাকাটাই মঙ্গল। উনাকেও একা থাকার সুযোগ করে দিয়েছি৷
(Source: Pixabay)
তবে বাড়িতে আসি নি আমি। আমাদের বাড়িতেও অনেক মানুষ। মানুষের হইচই আমার ভাল লাগে৷ তবে আজ ভাল লাগছে না। এলাকার রাস্তায় বেশ কিছুক্ষণ হাটাহাটি করলাম। আর মাথার ভেতর নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছিল। যদিও সেইসব চিন্তার সাথে আমাদের সমাজ ব্যাবস্থার কোনো মিল নেই। আমরা সবাই একটা শেকলে আটকে পড়ে আছি। যেই শেকন ভাঙার শক্তি আমাদের নেই। অথবা আমরা নিজেরাই ভাঙতে চাই না।
বিয়ে বিষয়টা খুন সুন্দর আর মিষ্টি একটা সম্পর্ক। কয়েক মাস আগে আমি নিজেও এই বন্ধনে জড়িয়েছি৷ এখনো পর্যন্ত আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হয়৷ ধীরে ধীরে সময়গুলোও পার হয়ে যাচ্ছে৷ নতুন সম্পর্ক পুরানো হয়ে যাচ্ছে৷ কিন্তু অনুভূতিগুলো তো আর পুরানো হয় না। প্রতিটা দিনই আমার কাছে নতুন মনে হয়। প্রতিটা দিনকেই আমি আমার মতো করে নতুন ভাবে সাজিয়ে তুলতে চেষ্টা করি। কতটুকু সফল হই, তা জানি না। তবে আমার কাছে পুরো বিষয়টা ভাল লাগে৷
যায় হোক, আনন্দ উৎসব খুব চলছে। আমি বেশ কিছুক্ষণ বাইরে ঘুরে ফিরে বাসায় চকে এসেছি৷ বাসা ততক্ষণে খালি হয়ে গিয়েছে৷ রাত বাজে প্রায় ২ টা৷ বাড়ির পাশ থেকে এখনো সাউন্ড বক্সের গান ভেসে আসছে৷ এই বিষয়টা যদিও আমার কাছে খুব বিরক্ত লাগে৷ এত রাতে এত জোরে গান বাজিয়ে মানুষকে বিরক্ত করা ঠিক না৷ কিন্তু কিছুই করার নেই৷ অনেক সময় হাসি মুখে অনেক কিছু সহ্য করে নিতে হয়৷