প্রধানমন্ত্রীর আশ্বাস! নন-এমপিও শিক্ষকদের অনশন প্রত্যাহার

Words
199
Reading
1 min
Listen
Play
9y

tangailtimes-5-1-18-7_jpg.jpg

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে অনশন প্রত্যাহার করলেন দেশের নন-এমপিও শিক্ষকরা। আজ শুক্রবার বিকেলে অনশন প্রত্যাহার করার ঘোষণা দেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার।

প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে বিকেলে প্রেসক্লাবে এসেছিলেন একান্ত সচিব সাজ্জাদুল হাসান। তিনি জানান, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। একান্ত সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, আপনাদের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য। তিনি আপনাদের প্রতি অনুরোধ জানিয়েছেন, অনশন প্রত্যাহার করে বাড়ি ফিরে যাওয়ার।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস ছিল, তিনি আমাদের কথা শুনবেন। তার আশ্বাসে আমরা আজ অনশন প্রত্যাহার করছি।

এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট-অর্ডার) দাবিতে দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন নন-এমপিও শিক্ষকরা। আমরণ অনশন ও অবস্থান ধর্মঘটের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীর কাছে বিভিন্ন সময়ে স্মারকলিপি দিয়েছেন তারা।

তবুও ২০১৬-১৭ আর ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি অথবা বাড়তি ভাতার ব্যবস্থা করতে কোনও বরাদ্দ রাখা হয়নি। এ কারণে গত বছরের ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন নন-এমপিও শিক্ষকরা।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবি— দীর্ঘ ১০ থেকে ১৫ বছর বিনাবেতনে শিক্ষাদান কার্যক্রম চালিয়ে আসছেন তারা। এ কারণে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। একইসঙ্গে ধরে রাখা যাচ্ছে না শিক্ষার মান।

টাঙ্গাইলটাইমস

প্রধানমন্ত্রীর আশ্বাস! নন-এমপিও শিক্ষকদের অনশন প্রত্যাহার | Ecency