৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী দফতর রদবদল

Words
238
Reading
2 min
Listen
Play
9y

Minister-tangailtimes-3-1-18-4_jpg.jpg

মন্ত্রিসভায় নতুন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী শপথ গ্রহণের একদিন পর আবারও মন্ত্রিসভার দফতর রদবদল করা হয়েছে।

আজ বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, আট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দফতর রদবদল করা হয়েছে।

মোহাম্মদ শফিউল আলম জানান, বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে দেয়া হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। আর পানিসম্পদ মন্ত্রণালয় থেকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আনিসুল ইসলাম মাহমুদকে।

আর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েও মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা নুরুজ্জামান আহমেদ এখন থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। মন্ত্রিসভার পুরনো সদস্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছে।

এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা রাশেদ খান মেননকে দেয়া হয়েছে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব। আর পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে নতুন নিয়োগ পাওয়া এ কে এম শাজাহান কামালকে।

মন্ত্রিসভার সদস্য হিসেবে নতুন শপথ নেওয়া নারায়ণ চন্দ্র চন্দকে দেয়া হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দায়িত্ব।

এছাড়া, মোস্তাফা জব্বারকে ডাকা, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এরপর মঙ্গলবার রাতে তিনজনকে মন্ত্রী ও একজনকে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের আরও এক বছর বাকি থাকতে মন্ত্রিসভায় পরিসর বাড়ানো ও রদবদল আনা হল।

টাঙ্গাইলটাইমস

৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী দফতর রদবদল | Ecency