হয়তো দেখা হবে কয়েক বছর পর,
হয়তো দেখা হবে ঘুটঘুটে এক অন্ধকারের মাঝে,
এক টুকরো আলোর কণা লুকোচুরি খেলবে,
কোনো এক বসন্তের শেষে।
হয়তো দেখা হবে কয়েক বছর পর,
হয়তো দেখা হবে কোন এক কাক ভেজা বৃষ্টির দুপুরে,
আমি ভেজা শাড়ীতে এক গুচ্ছ কদম হাতে
প্রতিদিনের মত তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো,
ইট পাথর আর কংক্রিটের এই শহরে।
হয়তো দেখা হবে কয়েক বছর পর,
হয়তো দেখা হবে নিয়ন আলোর এই চেনা শহরে,
হলুদ আলোর বিপরীতে তোমাকে খুঁজতে খুঁজতে,
হয়তো ল্যামপোষ্টের নিচে থমকে দাঁড়াবো তোমায় দেখে।
হয়তো দেখা হবে কয়েক বছর পর,
হয়তো দেখা হবে চেনা অচেনা মানুষের ভিড়ে,
হয়তো সব হারিয়ে হাজারো মানুষের ভিড়ে
সেই চেনা তুমিটা অচেনা হয়ে থাকবে চোখের সামনে ।।