আমেরিকার নয়া পরমাণু নীতিকে স্নায়ু যুদ্ধের সময়কার মানসিকতা বলে ঠাট্টা করেছে চীন। তাই সেকেলে মানসিকতা থেকে বেরিয়ে আসতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে চীন সরকার।
রবিবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ মন্তব্য করে। খবর বিবিসির।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আমেরিকার নয়া পারমাণবিক নীতি স্নায়ুযুদ্ধরই মানসিকতা। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রাগারের দেশ হওয়ার পরও তাদের এ ধরনের মানসিকতা রাখা উচিৎ নয়। আমেরিকাকে এমন নীতি থেকে বেরিয়ে আসা উচিত।
আমেরিকার নয়া পরমাণু নীতিতে বলা হয়, রাশিয়া মনে করে আমেরিকার পরমাণু অস্ত্র এত বেশি বড় যে, তা খুব বেশি কার্যকরী নয়। সে কারণে পেন্টাগন ছোট আকারের পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা দেয়। আমেরিকার এ ছোট পরমাণু অস্ত্রের শক্তি হবে ২০ কিলোটনের কম এবং অনেক বেশি ধ্বংসাত্মক।
নিউক্লিয়ার পোসচার রিভিউ’বা এনআরপি নামে শুক্রবার মার্কিন এ নীতি প্রকাশ করা হয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সূচনা বক্তব্যে নতুন নীতির পক্ষে মতাতমত দিয়ে বলেছেন, রাশিয়ার পরমাণু সক্ষমতা বাড়ানো এবং তাদের কৌশল ও অস্ত্রের ধরনের মোকাবেলায় মার্কিন সরকার এ ব্যবস্থা নিচ্ছে। পদক্ষেপ নেয়া হচ্ছে বাস্তবতার নিরীখে। বিষয়টিকে বিশ্ব সেভাবেই দেখবে বলে তিনি আশা করেন।
ইতোমধ্যে রাশিয়া এ নীতির তীব্র নিন্দা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকার এ নীতি যুদ্ধকে প্ররোচিত করবে। এটি প্রতিহত করতে রাশিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
শনিবার এক বিবৃতিতে রাশিয়া বলে, নয়া নীতিতে আমেরিকার চরম রাশিয়া বিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে। এতে দু দেশের মধ্যে সু সম্পর্ক ও বোঝাপড়ায় বাধা হয়ে দাঁড়াবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এতে গভীর হতাশা প্রকাশ করেছেন।
এদিকে আমেরিকার নয়া পারমাণবিক নীতির কঠোর সমালোচনা করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া পরমাণু নীতি বিশ্ব মানবতাকে ধ্বংসের কাছাকাছি পৌঁছে দেবে। শনিবার রাতে এক টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু অস্ত্রের ওপরই আমেরিকা বেশি নির্ভরশীল। ট্রাম্পের নয়া পরমাণু নীতি থেকে এটা প্রমাণিত হয়েছে। আমেরিকার এই নীতি পরমাণু অস্ত্র উৎপাদন ও বিস্তার রোধ চুক্তি বা এনপিটির লঙ্ঘন। এ ধরনের অপরিপক্ক নীতির ভিত্তিতেই ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন তিনি।
(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/ওআর/ ইএস)