হাথুরুসিংহের সন্দেহ ঝাড়ু নিয়ে

Words
179
Reading
1 min
9y

চট্টগ্রাম টেস্ট শেষ। কিন্তু ড্র হওয়া এই টেস্টের রেশ এখনও কাটেনি। শ্রীলঙ্কা দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে নাকি উইকেটে যে ঝাড়ু ব্যবহার করা হয়েছিল তা নিয়ে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে অভিযোগ করেছেন। তার সন্দেহ, ঝাড়ুই নাকি পিচের আচরণ বদলে দিয়েছে। কিন্তু ডেভিড বুন ঝাড়ু পরীক্ষা করে তেমন কিছু পাননি।

জানা গেছে, চট্টগ্রাম টেস্টের উইকেট তখনও পুরোপুরিভাবে প্রস্তুত হয়নি। এমন সময়ে চট্টগ্রামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু ও চন্ডিকা হাথুরুসিংহের মধ্যে পিচ নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। এরপর থেকেই হাথুরুসিংহে উইকেটের উপর নিয়মিত নজর রেখেছেন। জাহিদ রেজা বাবু ম্যাচ চলাকালীন নিয়মিতই পিচের যাবতীয় বিষয়ে রিপোর্ট পেশ করলেও হাথুরুসিংহে তাতে সন্তুষ্ট হতে পারেননি। সবশেষে তিনি ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেছেন।

গত ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে পুরোটা সময় জুড়েই ব্যাটসম্যানরা নিয়ন্ত্রণ করেছেন। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৫১৩ রান। এরপর শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে ৭১৩ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। তারপর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করে। এরপর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/৬ ফেব্রুয়ারি/এসইউএল)