জম্মু-কাশ্মিরে সীমান্তের রাজৌরি জেলায় গুলিতে চার ভারতীয় সৈন্য নিহত হয়েছেন, যারা পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে মারা গেছেন বলে দাবি করছে ভারত। এছাড়া গুলিতে আরও একজন আহত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বিকালে রাজৌরি জেলার ভিম্বার গলি সেক্টরে ভারত-পাক সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি হয়। এতে চার ভারতীয় সেনা নিহত হয়।
তারা হলেন ক্যাপ্টেন কপিল কুণ্ডু, হাবিলদার রোশন লাল, রাইফেলম্যান রাম অবতার এবং রাইফেল ম্যান শুভম সিংহ।
এদিকে আজ সোমবার বিধানসভা শুরু হতেই বিজেপি ও ন্যাশনাল কনফারেন্স বিধায়করা সেনা সদস্যদের নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানান।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি গোলাবর্ষণের ‘যথাযথ জবাব দিচ্ছেন তারা। পাকিস্তানিরা ‘বিনা উস্কানিতে হালকা অস্ত্র, স্বংয়ক্রিয় অস্ত্র, মর্টার ও ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করে গোলাবর্ষণ করেছে।
এদিকে এ ঘটনায় কাশ্মির বিধানসভায় হট্টগোল দেখা দিয়েছে। ন্যাশনাল কনফারেন্স বিধায়ক দেবেন্দর সিং রানা এবং বিধায়ক আলী মুহাম্মদ সাগর স্পিকার কবিন্দর গুপ্তার দৃষ্টি আকর্ষণ করে সীমান্তে একনাগাড়ে গোলাগুলি বর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বিবৃতি দাবি করেন। একপর্যায়ে স্পিকার কবিন্দর গুপ্তাকে কিছুক্ষণের জন্য অধিবেশন মুলতবি করেন।
সেনা নিহতের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। আমরা পাকিস্তানের কৃতকর্মকে ক্ষমা করব না।’ তাদেরকে এজন্য ভারী মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
(ঢাকাটাইমস/০৫ ফেব্রুয়ারি/ওআর/এমআর)