Alokmoy Bangladesh 'স্মার্টঘড়ি জানাবে ডায়াবেটিসের লক্ষণ'

Words
207
Reading
1 min
Listen
Play
8y

alokmoy bangladesh05.png

ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারে অ্যাপলের স্মার্টঘড়ি অ্যাপল ওয়াচ। কার্ডিওগ্রাম নামের প্রতিষ্ঠান তাদের একটি সফটওয়্যার ব্যবহার করে অ্যাপল ওয়াচের সাহায্যে হৃৎস্পন্দনের হার সংগ্রহ করে একটি পরীক্ষা চালিয়েছে। পরীক্ষাটির ফলাফল প্রকাশিত হয়েছে গত বুধবার।
কার্ডিওগ্রামের গবেষকেরা সানফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক হয়ে কার্ডিওগ্রাম ডিপহার্ট নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে পরীক্ষাটি চালান। এই পরীক্ষায় যাদের ডায়াবেটিস আছে এবং যাদের নেই—পার্থক্য করার ক্ষেত্রে ৮৫ শতাংশ সফল হয়েছে অ্যাপল ওয়াচ।
পরীক্ষাটি চালানোর জন্য কার্ডিওগ্রাম ১৪ হাজার ১১ জন অংশগ্রহণকারীদের ক্ষেত্রে ২০ কোটিরও বেশি সেন্সর ব্যবহার করেছে। অংশগ্রহণকারীরা তাদের অ্যাপল ওয়াচ বা অ্যান্ড্রয়েডের ওয়্যার যন্ত্রের সঙ্গে কার্ডিওগ্রাম অ্যাপটি ব্যবহার করেছেন। যা দিয়ে হৃৎস্পন্দনের হার, চলাফেরার জন্য কত কদম ফেলা হয়েছে এবং প্রাসঙ্গিক কিছু তথ্যের সমন্বয়ে চূড়ান্ত ফল নির্ধারণ করা হয়েছে।
ডায়াবেটিসের প্রাথমিক অবস্থা অধিকাংশ সময়ই বোঝা এবং নির্ণয় করা যায় না। কারণ প্রচলিত পদ্ধতিতে শনাক্ত করার ক্ষেত্রে শর্করা নির্ণয়ের যন্ত্র প্রয়োজন। কার্ডিওগ্রামের ডিপহার্টের মতো অ্যাপল ওয়াচ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যালগরিদম ব্যবহার করে ব্যবহারকারীদের সতর্কসংকেত জানানোর সম্ভাবনা রয়েছে যে স্বাস্থ্যসংক্রান্ত কোনো সমস্যা রয়েছে। ফলে ব্যবহারকারী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।
যেহেতু হৃৎপিণ্ডের সঙ্গে স্নায়ুতন্ত্রের মাধ্যমে অগ্ন্যাশয় যুক্ত থাকে, তাই হৃৎস্পন্দনের অস্বাভাবিকতা থেকে ডায়াবেটিসের লক্ষণ শনাক্ত করা সম্ভব। ফলে অ্যাপল ওয়াচের মতো পরিধেয় যন্ত্রের সেন্সরের মাধ্যমে উচ্চরক্তচাপ, নিদ্রাহীনতা এবং হৃৎপিণ্ডজনিত রোগ নির্ণয় করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আরও গবেষণার জন্য অ্যাপল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।