এবার চ্যাম্পিয়নস লিগ জিতলেই নাকি বার্সেলোনা ছেড়ে দেবেন লিওনেল মেসি? ডন বালোনের মার্কোস রদ্রিগেজ এমনটাই দাবি করেছেন।
এই সাংবাদিকের দাবি, বার্সেলোনা ছাড়ার কথাটা কাছের মানুষদের সাথে শেয়ার করেছেন মেসি। এই ফরোয়ার্ড বেশ অনেকবারই বলেছেন, ক্যারিয়ার শেষ করার আগে আর্জেন্টিনায় ফিরতে চান। আন্তোনেল্লা রোকুজ্জোকে নাকি কথাও দিয়ে রেখেছেন এবারে চ্যাম্পিয়নস লিগ জিতলেই পরের মৌসুমে আর্জেন্টিনা চলে যাবেন।
এর অবশ্য কিছু কারণও রয়েছে। রোকুজ্জো আর্জেন্টিনাতে থিতু হতে চান। আর মেসির নিজেরও স্বপ্ন ছোটবেলার ক্লাব নিউ ওয়েলসের জার্সি গায়ে চাপানোর।
তবে বিশ্বকাপ তার যাত্রায় বাধা হয়ে উঠতে পারে। এ বিশ্বকাপেও যদি শিরোপা হাতে ধরা না দেয়, তবে আর্জেন্টিনার সমর্থকদের সমালোচনার তীর তাঁর দিকেই ছুটবে। বিশ্বকাপ না জিতিয়ে তাঁর দেশে ফেরা তখন ভালো চোখে দেখবে না আর্জেন্টিনার মানুষ। অন্তত ২০১৮-১৯ মৌসুমে তো নয়ই।
তাইতো চ্যাম্পিয়নস লিগ জিতে পরের মৌসুমেই মেসি আর্জেন্টিনায় ফিরতে পারছেন কিনা, সেটি মেসির জাতীয় দলের সতীর্থদের ওপর অনেকটাই নির্ভর করছে।