আমার ক্ষেত্রে ব্যাপারটা ছিল এমন , যেখানে টেনেছিলাম সমাপ্তি রেখা , যেন সেখান থেকেই শুরু নতুন পথচলা ।
ঠিক দু'বছর আগে , স্কুল জীবনের শেষ দিনে শিক্ষার্থীদের পক্ষে বিদায়ী বক্তব্যটা ছিল আমার দীর্ঘ ১০ বছরের প্রাণের স্কুলে সৃষ্টি হওয়া শেষ স্মৃতি । এরপর কেটেছে অনেকটা দিন । স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে এসেছি , পেয়েছি নতুন পরিচয় , নতুন পরিবেশ । পেয়েছি দুষ্টু - মিষ্টি সম্পর্কে গড়া একগাদা অনলাইন বন্ধু ।
শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছি বছর খানেকেরও বেশি আগে । বিভিন্ন কাজে একাধিকবার কলেজে গেলেও শ্রেণিকক্ষে বসে কখনো ক্লাস করা হয়নি । দুপুরের প্রচণ্ড গরমে ঘামতে ঘামতে গণিত কিংবা পদার্থবিজ্ঞানের কঠিন সব সূত্রগুলো প্রতিপাদন করা হয়ে ওঠেনি । তাই ভিন্ন রকম এক অনুভূতি নিয়েই কলেজ ক্যাম্পাসে পা দিয়েছিলাম । মহামারী করোনার আগ্রাসন থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে ঠিক যখন কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলাম , ঘড়ির কাঁটায় একবার চোখ বুলাতে ভুল হয়নি । একদিন সকালে, ছোট্ট এই জীবনে সেই মুহূর্তটা যে চিরস্মরণীয় হয়ে থাকবে , সে বিষয়ে কোনো সন্দেহ - ই নেই ।
ধীর পায়ে সবুজে ঘেরা চারপাশটা দেখতে দেখতে ভেতরে প্রবেশ করলাম । সিঁড়ি বেয়ে রুমের দিকে এগোতেই অনলাইনে পরিচয় হওয়া বন্ধুগুলোকে দেখে একটু বেশিই আবেগতাড়িত হয়ে গিয়েছিলাম ।
প্রথম ক্লাসটা ছিল গণিত বিষয়ের । স্যার ক্লাসের কোনো একজনকে সামনে এসে প্রথম দিনের অভিজ্ঞতা বলতে বললে , মুহূর্তের মধ্যেই ক্লাসের বেশ কয়েকজন আমার নামটা ধরে চিৎকার শুরু করে । ঐ সময়টা যে ঠিক কতটা আনন্দময় ছিল , সেটা সত্যিই অবিশ্বাস্য । বক্তব্য দেওয়া শেষে বন্ধুদের করতালি আর শুভেচ্ছাবার্তা আমাকে আনন্দে ভাসিয়েছে , করেছে আবেগতাড়িত ।
স্যারদের দেওয়া মোটিভেশন আর প্রথমবারের মতো ক্যাম্পাসে বসার আনন্দে কখন যে ছুটির ঘণ্টা বেজে গেল , টেরই পেলাম না । ক্লাস শেষে ধীরে পায়ে নিচে নামলাম । বিশাল মাঠটার এক কোণায় দাঁড়িয়ে সবার মতো আমিও দু - একটা ছবি তুললাম । বন্ধুদের সাথে নিজেকে ক্যামেরাবন্দী করার ক্ষুদ্র একটা চেষ্টা করলাম । কিন্তু প্রথম দিনের এত আনন্দের মাঝেও সশরীরে নবীনবরণ না পাওয়াটা কিছুটা হলেও আক্ষেপে পুড়িয়েছে ।
কিন্তু সাম্প্রতিক বাস্তবতায় নির্ভর করে খুব বেশিক্ষণ আমাদের কলেজ ক্যাম্পাসে থাকার সুযোগ হলো না । বন্ধুদের সাথে ধীর পায়ে বেরিয়ে গেলাম কলেজ থেকে । একগাদা সুখস্মৃতি আর আজীবন বলে বেড়ানোর মতো হাজারো গল্প নিয়ে বাড়ির পথে রওনা দিলাম ।